কাউখালীতে পাঁচ দিনব্যাপী রাস উৎসব শুরু

কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা 

Advertisement

পিরোজপুরের কাউখালীতে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রমের উদ্যোগে আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব। শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশের প্রতিষ্ঠাতা শ্রীশ্রীমদ দুর্গাপ্রসন্ন পরমহংসদেবের ১৩৫তম আবির্ভাব তিথি ও রাস পূর্ণিমা উপলক্ষে প্রতি বছর এ উৎসবের আয়োজন করা হয়। 
আশ্রম প্রাঙ্গণের বিশাল এলাকাজুড়ে বসবে ঐতিহ্যবাহী রাস মেলা। আয়োজকদের প্রত্যাশা, এ উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল ছাড়াও ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আমেরিকা ও রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভক্ত ও পুণ্যার্থীরা অংশ নেবেন। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে লাখো মানুষের মিলনমেলায় পরিণত হবে শ্রীগুরু সঙ্ঘ বাংলাদেশ কেন্দ্রীয় আশ্রম প্রাঙ্গণ। নিরাপত্তার স্বার্থে কাউখালী ইউএনও রেহেনা আক্তারকে আহ্বায়ক ও কাউখালী থানার ওসি মো: আনোয়ার হোসেনকে সদস্য সচিব করে উৎসবের সার্বিক ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা উপকমিটি গঠন করা হয়েছে। পাঁচ দিনব্যাপী এ ধর্মীয় ও সাংস্কৃতিক আয়োজনকে ঘিরে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন খাতসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।