শান্তিপূর্ণ চায় ফেনীর সুশীলসমাজ

ফেনী অফিস
‘সহিংসতামুক্ত ও শান্তিপূর্ণ স্থানীয় সরকার নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল ও সুশীলসমাজের ভূমিকা’ শীর্ষক নাগরিক পরামর্শ সভা ফেনীতে অনুষ্ঠিত হয়েছে। পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) ফেনীর আয়োজনে গত শনিবার বিকেলে এই সভা অনুষ্ঠিত হয়। সুজন ফেনী জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দৈনিক ফেনীর সময়-এর সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল।
সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, অতীতে বিএনপি যখনই ক্ষমতায় ছিল, স্থানীয় সরকার নির্বাচনসমূহ সবসময় অবাধ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ভোট ছাড়াই তথাকথিত জনপ্রতিনিধি নির্বাচন করা হয়েছে। দীর্ঘদিন মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে না পারায় আগামী নির্বাচন নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে।
তিনি আরো বলেন, যেহেতু মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেনি, তাই আগামী নির্বাচনে প্রার্থীর সংখ্যাও তুলনামূলক বেশি হবে। এতে সংশয়ের কোনো কারণ নেই। নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষভাবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেবে বলে আমরা আশা প্রকাশ করছি।
পিএফজি কো-অর্ডিনেটর লাইন মোর্শেদ হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পিএফজির অ্যাম্বাসেডর আ ম আব্দুর রহিম, ইসলামী আন্দোলনের জেলা সভাপতি নূরাইল করীম, জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামছুদ্দিন মজুমদার সাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি জোলেখা আক্তার ডেইজি, খেলাফত মজলিস ফেনী জেলার সহ-সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমদী, সমাজতান্ত্রিক দলের (বাসদ) জেলা আহ্বায়ক মালেক মনসুর।
এ ছাড়া গণমাধ্যমকর্মী দৈনিক আগামীর সময়ের নিজস্ব প্রতিবেদক আসাদুজ্জামান দারু, টেলিভিশন সাংবাদিক ক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আতিয়ার হাওলাদার সজল, সম্পাদক ও যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, ইউথ জার্নালিস্ট ক্লাবের সম্পাদক ও এখন টিভির প্রতিবেদক সোলায়মান হাজারী ডালিম, এনসিপি ফেনী জেলা কমিটির সদস্য মোসলিন উদ্দিন মাহাদী, আবৃত্তি শিল্পী সৈয়দ আশরাফুল হক আরিমন, ক্রীড়া সংগঠক শরিফুল ইসলাম অপু, জেলা মহিলা দলের সহ-সভাপতি জান্নাতুল ফেরদৌস মিতা, সাংগঠনিক সম্পাদক নূরী তানজিলা রহমান এবং পৌর কমিটির আহ্বায়ক রোখসানা আক্তার প্রমুখ।

Advertisement