রায়পুরে মৎস্য প্রজনন কেন্দে ৬১ পদ শূন্য

হারুনুর রশিদ  রায়পুর (লক্ষ্মীপুর) 
লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ মৎস্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রটি (হ্যাচারি) চরম জনবল ও অবকাঠামোগত সঙ্কটে ধুঁকছে। ৭৭টি অনুমোদিত পদের বিপরীতে দীর্ঘদিন ধরেই শূন্য রয়েছে ৬১টি পদ। কাগজে-কলমে পদায়িত ১৮ জনের মধ্যে পাঁচজন প্রেষণে থাকায় বর্তমানে মাত্র ১৩ জন কর্মচারী দিয়ে চলছে পুরো প্রতিষ্ঠান। এতে ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। বন্ধ রয়েছে ল্যাবরেটরি, জরাজীর্ণ হয়ে পড়েছে আবাসিক ভবন ও ডরমিটরি। নষ্ট হয়ে পড়ে আছে বড় জেনারেটর। পর্যাপ্ত পানির পাম্প না থাকায় ৭৫টি পুকুরের ব্যবস্থাপনাও কঠিন হয়ে পড়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৮২ সালে ৫৪ একর জমির ওপর কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এখানে ৭৫টি পুকুর রয়েছে। মৎস্য প্রজনন, রেণু পোনা উৎপাদন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশের মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে প্রতিষ্ঠানটি। কিন্তু প্রয়োজনীয় জনবল ও অবকাঠামোগত সুবিধার অভাবে কার্যক্রম পরিচালনায় হিমশিম খাচ্ছেন কর্মকর্তা-কর্মচারীরা।
কেন্দ্রের জনবল সঙ্কটের চিত্র উদ্বেগজনক। প্রথম শ্রেণীর ১০টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র দু’জন। বৈজ্ঞানিক কর্মকর্তার ছয়টি পদই শূন্য। দ্বিতীয় শ্রেণীর একটি পদও পূরণ হয়নি। তৃতীয় শ্রেণীর ৪১টি পদের বিপরীতে কর্মরত আটজন। হিসাবরক্ষক, ক্যাশিয়ার, গুদামরক্ষক ও দক্ষ ফিশারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। চতুর্থ শ্রেণীর ২৯টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন ১২ জন।
সরেজমিনে দেখা যায়, প্রয়োজনীয় জনবল ও রক্ষণাবেক্ষণের অভাবে ল্যাবরেটরিটি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। আবাসিক ভবন ও ডরমিটরি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। সীমানাপ্রাচীরের একাংশ ধসে পড়ার উপক্রম। ৭৫টি পুকুরে পানি সরবরাহ ও সেচের জন্য পর্যাপ্ত পাম্প নেই। বড় জেনারেটরটি অকেজো হয়ে পড়ে আছে। ফলে বিদ্যুৎ চলে গেলে ছোট একটি জেনারেটরের ওপর নির্ভর করতে হয় সেচ পরিচালনার কাজ। পুরোনো যন্ত্রাংশ মেরামত করে কোনোরকমে চালানো হচ্ছে হ্যাচারির কার্যক্রম।
নাম প্রকাশে অনিচ্ছুক তৃতীয় শ্রেণীর এক কর্মচারী বলেন, লোকবল কম থাকায় তিনজনের কাজ একজনকে করতে হচ্ছে। এতে নিয়মিত কার্যক্রম পরিচালনা ও উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে সমস্যায় পড়তে হচ্ছে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মৎস্যসম্পদ উন্নয়ন ও রেণু পোনা উৎপাদনে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটির সক্ষমতা ধরে রাখতে দ্রুত জনবল নিয়োগ, অবকাঠামো সংস্কার, আধুনিক যন্ত্রপাতি সরবরাহ ও নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি। অন্যথায় দীর্ঘ মেয়াদে উৎপাদন ও প্রশিক্ষণ কার্যক্রম ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
কেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো: আবদুল্লাহ আকন্দ বলেন, ৭৭টি পদের বিপরীতে কাগজে-কলমে ১৮ জন পদায়িত থাকলেও পাঁচজন প্রেষণে রয়েছেন। ফলে ১৩ জনকে দিয়ে পুরো প্রতিষ্ঠানের কাজ চালাতে হচ্ছে। জনবল সঙ্কটের বিষয়টি জানিয়ে প্রতি মাসেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়। তবে, তিনি জানান, সঙ্কটের মধ্যেও চলতি বছরের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আশা করছি, শিগগিরই জনবল সঙ্কট দূর হবে।

Advertisement