
গোলাম আজম খান কক্সবাজার
বঙ্গোপসাগরে মাছের প্রাচুর্যে হাসি ফুটেছে টেকনাফের জেলেদের মুখে। শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার এক ট্রলারের জালে ধরা পড়েছে ১০ লাখ টাকা মূল্যের লাল কোরাল ও চাপা সুরমা মাছ। অন্য দিকে স্থানীয় জেলে আবদুস সালামের টানাজালেও ধরা পড়েছে বিপুল পরিমাণ মাছ, যা বিক্রি হয়েছে দেড় লাখ টাকায়। মাছের এমন প্রাপ্তিতে জেলে ও মৎস্য ব্যবসায়ীদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
গত শনিবার (১৪ নভেম্বর) সকালে সেন্টমার্টিন দ্বীপের উত্তর পাশে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এ সাফল্য পান শাহপরীর দ্বীপের দক্ষিণপাড়ার বাসিন্দা মোহাম্মদ শফিকের মালিকানাধীন একটি ট্রলারের জেলেরা। ট্রলারের মাঝি হাফেজ উল্লাহর নেতৃত্বে ১১ জন জেলে ওই ট্রলারে মাছ ধরায় নিয়োজিত ছিলেন।
তাদের জালে ৪৬০টি লাল কোরাল ও ৪০০টি চাপা সুরমা মাছ ধরা পড়ে। এসব মাছের মধ্যে লাল কোরালের ওজন প্রায় এক হাজার ২০০ কেজি এবং চাপা সুরমার ওজন প্রায় ৪৪০ কেজি। জেলেদের জন্য ১৫টি লাল কোরাল ও ২০টি চাপা সুরমা রেখে বাকি ৮২৫টি মাছ ১০ লাখ টাকায় বিক্রি করা হয়।
পরে মাছগুলো শাহপরীর দ্বীপের মিস্ত্রিপাড়া ফিশারিঘাটে নিয়ে আসা হলে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে কেনার প্রতিযোগিতা শুরু হয়। শেষ পর্যন্ত স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ লালু মাছগুলো কিনে নেন। পরে এসব মাছের একাংশ কক্সবাজার এবং বাকি অংশ ঢাকা ও চট্টগ্রামের বাজারে পাঠানো হয়।
এদিকে স্থানীয় জেলে আব্দুস সালামের টানাজালেও উল্লেখযোগ্য পরিমাণ মাছ ধরা পড়েছে। তার জালে পাওয়া মাছ বিক্রি হয়েছে এক লাখ ৫০ হাজার টাকায়। পরপর এমন মাছের প্রাপ্তিতে উপকূলীয় জেলেদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় জেলে ও ব্যবসায়ীরা জানান, বঙ্গোপসাগরে লাল কোরাল ও চাপা সুরমার মতো মূল্যবান মাছের চাহিদা দেশের বিভিন্ন বাজারে রয়েছে। এ ধরনের মাছ বেশি ধরা পড়লে জেলেদের আয় বাড়ার পাশাপাশি স্থানীয় মৎস্য ব্যবসায়ও ইতিবাচক প্রভাব পড়বে। সাগরে মাছের এমন প্রাচুর্য অব্যাহত থাকলে উপকূলীয় মৎস্যজীবীদের জীবিকায় স্বস্তি ফিরবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








