ফটিকছড়িতে শিক্ষককে বিলাসবহুল জিপে ‘রাজকীয়’ বিদায়

ফটিকছড়ি (চট্টগ্রাম) সংবাদদাতা
১৯৮৯ সালের এক শীতের সকাল। মাত্র আড়াইশো শিক্ষার্থী আর সাতজন শিক্ষক নিয়ে ফটিকছড়ির নারায়ণহাটে যার যাত্রা শুরু হয়েছিল, ৩৭ বছরের ব্যবধানে তা আজ রূপ নিয়েছে এক আকাশচুম্বী বহুতল ভবনবিশিষ্ট আধুনিক শিক্ষা কমপ্লেক্সে। বেড়াঘেরা সেই দেড়শ ফুট দৈর্ঘ্য ও পনেরো ফুট প্রস্থের স্কুলটি আজ হাজারেরও অধিক শিক্ষার্থী ও ৩০ জন শিক্ষক-কর্মচারীর এক বিশাল বিদ্যাপীঠে পরিণত হয়েছে। একই ক্যাম্পাসে গড়ে উঠেছে শিশু নিকেতন, প্রাথমিক বিদ্যালয় ও কলেজ। দীর্ঘ সাড়ে তিন যুগেরও বেশি সময় পর বিলাসবহুল জিপে করে প্রধান শিক্ষক আলহাজ আবু তাহের চৌধুরী পেলেন এক রাজকীয় ও আবেগঘন বিদায়।
গত শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত বর্ণিল ও স্মরণকালের অন্যতম বৃহৎ অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন বিদায়ী শিক্ষক ও তার সাবেক শিক্ষার্থীরা। সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সজল কান্তি দের স্বাগত বক্তব্যে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর। বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি ও আজীবন দাতা সদস্য নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শান্তিরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারেক, ফটিকছড়ি উত্তর শিক্ষক সমিতির সভাপতি আব্দুল মোমিন মজুমদার, হেঁয়াকো বনানী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ার বকুল, নারায়ণহাট আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: তৌহিদুল আলম, আরডিএম গ্রুপের চেয়ারম্যান রাকিবুল আলম চৌধুরী, চট্টগ্রাম কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর চৌধুরী, আবুল খায়ের গ্রুপের হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স জহির উদ্দিন, মোহাম্মদ ইমরুল কায়েস এবং বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক ফটিকছড়ি শাখার ব্যবস্থাপক মো: সালাউদ্দিন ইবনু। কলেজিয়েট উচ্চবিদ্যালয় প্রাক্তন পরিষদের সদস্য সচিব ও চুয়েটের সহকারী অধ্যাপক ড. রাতুল কুমার শীলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শত শত শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বর্ণাঢ্য এই আয়োজনের মধ্য দিয়ে ফটিকছড়ির শিক্ষা ইতিহাসে এক যুগের এক অনন্য ও ঐতিহাসিক অধ্যায়ের সমাপ্তি হলো।

Advertisement