
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে জনবল সঙ্কট, অচল চিকিৎসা সরঞ্জাম ও জরাজীর্ণ অবকাঠামোর কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। প্রায় চার লাখ মানুষের সরকারি চিকিৎসার অন্যতম ভরসাস্থল এই হাসপাতালে ৫০ শয্যায় উন্নীত করা হলেও বাড়েনি প্রয়োজনীয় জনবল। ফলে প্রতিনিয়ত ভোগান্তিতে পড়ছেন রোগীরা। ১৯৮৩ সালে ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতাল হিসেবে কার্যক্রম শুরু হয়, পরে ২০১৮ সালে ৫০ শয্যায় উন্নীত করা হলেও প্রয়োজনীয় জনবল কাঠামো ও চিকিৎসক নিয়োগ দেয়া হয়নি। হাসপাতালের ৩৫টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১২ জন। অন্যদিকে জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিক্যাল অফিসারের চারটি পদই শূন্য। এ সঙ্কট সামাল দিতে বিভিন্ন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে কর্মরত চিকিৎসকদের দিয়ে জরুরি বিভাগের দায়িত্ব পালন করানো হচ্ছে। এদিকে হাসপাতালের গুরুত্বপূর্ণ পরীক্ষা-নিরীক্ষার যন্ত্রপাতিও দীর্ঘদিন ধরে অচল। প্রায় দুই বছর ধরে এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাফি মেশিন বিকল। গত দুই মাস ধরে ইসিজির দু’টি মেশিন অচল ও ডায়াবেটিস পরীক্ষার স্ট্রিপের সঙ্কটও চলছে। ফলে প্রয়োজনীয় পরীক্ষা করাতে রোগীদের যেতে হচ্ছে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে। হাসপাতালটিতে গাইনি ও প্রসূতি রোগের বিশেষজ্ঞ চিকিৎসক না থাকায় নারী ও গর্ভবতী মায়েদের বিশেষায়িত চিকিৎসাসেবাও ব্যাহত হচ্ছে। চিকিৎসাসেবার সীমাবদ্ধতার পাশাপাশি হাসপাতালের ভবনটির অবস্থাও জরাজীর্ণ। বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। এমন অবস্থায় ভবনটির সংস্কার কিংবা আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী মো: মনিরুল হক মুঠোফোনে জানান, হাসপাতালের উন্নয়নে প্রায় তিন কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে জরুরি বিভাগসহ অন্য অবকাঠামোগত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। মৌলভীবাজারের সিভিল সার্জন ডা: মো: জাকির হোসেন জানান, জেলার প্রায় সব স্বাস্থ্যপ্রতিষ্ঠানেই কমবেশি জনবল সঙ্কট রয়েছে। শূন্যপদ পূরণের লক্ষ্যে তালিকা প্রস্তুত করা হচ্ছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে তা কেন্দ্রে পাঠানো হবে। এ ছাড়া ৫১তম বিসিএসের মাধ্যমে নতুন চিকিৎসক নিয়োগ সম্পন্ন হলে পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








