শৈলকুপার বাজারে নতুন ধান সরকারিভাবে কেনার দাবি
শৈলকুপায় ধানের আড়ত: নয়া দিগন্ত।

 মফিজুল ইসলাম  শৈলকুপা (ঝিনাইদহ)
ঝিনাইদহের শৈলকুপার হাটবাজারগুলোতে নতুন আমন ধান উঠতে শুরু করেছে। তবে মৌসুমের শুরুতেই ধানের দাম কম থাকায় হতাশ হয়ে পড়েছেন কৃষকরা। উৎপাদন খরচের তুলনায় বিক্রয়মূল্য কম হওয়ায় লোকসানের আশঙ্কা করছেন তারা। এ অবস্থায় মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার দাবি জানিয়েছেন চাষিরা।
উপজেলার শৈলকুপা সদর, রয়ড়া, ভাটই, গাড়াগঞ্জ, খুলুমবাড়িয়া, কাতলাগাড়ি, শিতালী, ধাওড়া, হাট ফাজিলপুর ও লাঙ্গলবাঁধসহ বিভিন্ন বাজারে বর্তমানে প্রতি মণ নতুন ধান এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে।
হাট ফাজিলপুরে বিক্রি করার জন্য ধান নিয়ে আসা কৃষক রমিজ উদ্দিন জানান, প্রতি বিঘা জমিতে ১৫ থেকে ১৭ মণ ধান উৎপাদন হয়। অথচ জমি চাষ, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হয় ১০ হাজার টাকা থেকে ১২ হাজার টাকা। বর্তমান বাজারদরে ধান বিক্রি করে উৎপাদন খরচ ওঠানোই কঠিন, সেখানে লাভ করব কিভাবে?
লাঙ্গলবাঁধ বাজারে ধান বিক্রি করতে আসা কৃষক জহির আহমেদ বলেন, সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কিনলে তারা হয়তো ন্যায্যমূল্য পাবেন। তিনি জানান, বাজারে প্রতি মণ ধান এক হাজার ১৩০ টাকা দরে বিক্রি করেছেন তিনি।
কৃষকদের অভিযোগ, উৎপাদনের প্রতিটি পর্যায়ে খরচ বাড়লেও ধানের দাম সেই অনুপাতে বাড়ছে না। মৌসুমের শুরুতেই কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন তারা। তাই সরকারি খাদ্যশস্য সংগ্রহ কার্যক্রমে প্রকৃত কৃষকদের অগ্রাধিকার দিয়ে সরাসরি ধান কেনার দাবি জানিয়েছেন তারা।
লাঙ্গলবাঁধ বাজারের ধান ব্যবসায়ী রিপন হোসেন জানান, তিনি প্রতি মণ ধান এক হাজার ১০০ টাকা থেকে এক হাজার ১৫০ টাকা দরে কিনছেন।
উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ২৫ হাজার হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। অন্যান্য বছরের তুলনায় এবার ধানের ফলন ভালো হয়েছে।

Advertisement