
মিনাজুল ইসলাম মিজান সোনাতলা (বগুড়া)
বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা এলাকায় একটি স্থায়ী সেতুর অভাবে দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন কয়েকটি গ্রামের হাজারো মানুষ। যাতায়াতের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে একটি ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে কাঠের সাঁকো। শুধু সাধারণ পথচারীই নন, এই একটি সেতুর অভাবে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী, স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং মালবোঝাই যানবাহনের চালকেরা।
সাঁকোটি অত্যন্ত সরু ও নড়বড়ে হওয়ায় এর ওপর দিয়ে কোনো ধরনের ভারী বা মাল বোঝাই যানবাহন চলাচল করতে পারে না। ফলে কৃষিপণ্য ও ব্যবসার মালামাল পরিবহনে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী ও গাড়িচালকদের। মালবোঝাই ভ্যান, অটোরিকশা কিংবা পিকআপ নিয়ে তাদের কয়েক কিলোমিটার বাড়তি পথ ঘুরে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে পরিবহন খরচ যেমন বাড়ছে, তেমনি সময়মতো বাজারে পৌঁছাতে না পারায় নষ্ট হচ্ছে কৃষকের উৎপাদিত কাঁচামাল। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এই সাঁকো পার হয়ে স্কুল-কলেজে যাতায়াত করতে হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও কিশোর-কিশোরীদের। কাঠের পাটাতন নড়বড়ে হওয়ায় সামান্য অসতর্কতায় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা থাকে সবসময়। বিশেষ করে বর্ষা মৌসুমে নিচের প্রবল স্রোত ও পিচ্ছিল কাঠের কারণে সাঁকো পারাপারে আতঙ্ক কয়েক গুণ বেড়ে যায়। এ ছাড়া কোনো অসুস্থ রোগী বা গর্ভবতী নারীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নিতে হলে অ্যাম্বুলেন্স বা গাড়ি গ্রামে ঢুকতে না পারায় চরম ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের। স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন রোকন, খোকন সরকার, জলি বেগম, মোনায়ারুল ইসলাম, নার্গিস বেগম ও ফকরে মিয়া ক্ষোভ প্রকাশ করে জানান, দীর্ঘদিন ধরে তারা এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন। কিন্তু বারবার দাবি জানানো সত্ত্বেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়া হয়নি। তাদের মতে, এখানে একটি স্থায়ী সেতু নির্মিত হলে এলাকার যোগাযোগব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি কৃষি, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে নতুন প্রাণের সঞ্চার হবে। এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম জানান, অল্প সময়ের মধ্যেই ওই স্থানে নতুন করে ব্রিজ নির্মাণ করা হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








