চৌগাছায় ১০০ কোটি টাকার খেজুর রস-গুড় বিক্রির সম্ভাবনা
চৌগাছায় রস সংরক্ষণের জন্য খেঁজুর গাছ প্রস্তুত করছেন এক গাছি : নয়া দিগন্ত।

 এমএ রহিম চৌগাছা (যশোর) 

Advertisement

যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী জিআই পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। চলছে খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি। গাছিরা গাছ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন। চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার রস-গুড় ও পাটালি উৎপাদন হবে বলে আশা করছে জেলার কৃষি বিভাগ। আর এ কাজে প্রায় ৩০ হাজার মানুষের মৌসুমি কর্মসংস্থান হবে বলে মনে করছেন উৎপাদনের সাথে জড়িত গাছিরা। জানা যায়, চৌগাছার খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরনো। তবে ১৭৯০ সালে খেজুর গুড়ের বাণিজ্যিক উৎপাদন ও তা থেকে চিনি তৈরি শুরু হয়। কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যায় খেজুর গুড়ের সেই ঐতিহ্য। দেশে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে আবার আখ উৎপাদন কমে যাওয়ায় খেজুর গুড়ের চাহিদা বেড়েছে। কৃষি অধিদফতরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস জানান, খেজুর গুড় যশোরের চৌগাছা উপজেলার একটি জিআই পণ্য। শীতকালে মৌসুম শুরু হলে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। মধ্যপ্রাচ্যে চৌগাছার খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে। সে কারণে বর্তমান সরকার গুড় রফতানির চেষ্টা করছে। গুড় রফতানি করতে পারলে গুড় বিক্রি করে আরো বেশি লাভবান হবেন গাছিরা।’ চৌগাছা উপজেলার পাতিবিলা ইউনিয়নের হয়াতপুর গ্রামের সবচেয়ে দামি গুড় উৎপাদনকারী গাছি গাজী আব্দুর রহমান বলেন, ‘শীতকাল আমার পরিবারের জন্য আশার আলো বয়ে নিয়ে আসে। শীত মৌসুমে রস-গুড় ও পাটালি বিক্রি করে আমার সংসার পরিচালনা করেও বেশ টাকা সঞ্চয় করতে পারি।’ তিনি বলেন, ‘আমি বিশেষ পদ্ধতিতে অনেক পরিশ্রম করে এক ধরনের সাদা গুড়ের পাটালি তৈরি করি, যেটা বাজারে ৮০০ টাকা থেকে এক হাজার ১০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি করি।’ চলতি মৌসুমে নতুন গাছি স্বরূপদাহ ইউনিয়নের দেবালয় গ্রামের আনোয়ার হোসেন আনার বলেন, ‘আমি এ বছর প্রায় ৯০টি খেজুর গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছি। শুরুতেই নলেন গুড়ের পাটালির জন্য যেভাবে অর্ডার পাচ্ছি, তাতে ভালো উপার্জন হবে বলে আশা করছি।’ উপজেলার খড়িঞ্চা গ্রামের গাছি আশাদুল ইসলাম মন্ডল বলেন, ‘খেজুর গাছ অবশ্যই একটি লাভজনক কৃষি। এ গাছের পরিচর্যা করতে তেমন কোনো ব্যয় নেই; কিন্তু একেকটি গাছ একজন কৃষককে প্রতি মৌসুমে অন্তত পক্ষে তিন হাজার টাকার রস ও গুড়  য়ে।’ তিনি আরো বলেন, ‘সরকার যদি বৃহত্তর যশোর অঞ্চলের খেজুরের রস ও গুড়কে একটি শিল্প হিসেবে গ্রহণ করে সঠিক পরিকল্পনা নিতে পারেন, তাহলে চিনি আমদানির বিপুল পরিমাণ টাকা বেঁচে যাবে।’ খেজুর রস-গুড় ও পাটালি রফতানির ক্ষুদ্র উদ্যোক্তা উপজেলার ফুলসারা গ্রামের আতাউর রহমান বলেন, ‘আমি গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করি।’ দেশে খেজুর গুড়ের চাহিদা বৃদ্ধি পাওয়ার ব্যাপারে জানতে চাইলে চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, ‘চিনির তুলনায় খেজুরের গুড় অনেক বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। ঐতিহ্যগতভাবে সর্দি, শুষ্ক কাশি ও গলার মিউকাস পরিষ্কার করতে উষ্ণ পানি বা চায়ের সাথে খেজুর গুড় খাওয়ার প্রচলন রয়েছে।’ চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন বলেন, চৌগাছা উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ রয়েছে। এর মধ্যে অন্তত ৩৫ হাজার খেজুর গাছ রয়েছে, যা থেকে রস সংগ্রহ করা যায়। একটি খেজুর গাছ থেকে প্রতি মৌসুমে প্রায় ৮০-৯০ লিটার রস পাওয়া যায়। ওই রস থেকে প্রায় ১০ কেজি গুড় উৎপাদন করা সম্ভব। এ দিক দিয়ে সমগ্র যশোর জেলায় চলতি মৌসুমে কমপক্ষে ১০০ কোটি টাকার খেজুর গুড় উৎপাদিত হবে।’ চৌগাছা ইউএনও ফারজানা ইসলাম বলেন, ‘খেজুর গুড় উৎপাদনকারী গাছিদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছে উপজেলা প্রশাসন। দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খেজুর গুড়ের পরিচিতি ও বিক্রির জন্য প্রতি বছর গুড় মেলার আয়োজন করা হয়।’