সাফওয়ান বসুন্ধরা গ্লোবালের স্পন্সরে ক্রিকেট ফর দি ব্লাইন্ড শুরু

প্রথমবারের মতো বাংলাদেশে আয়োজিত হচ্ছে দ্বিতীয় এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ফর দি ব্লাইন্ড ২০২৬। টুর্নামেন্টের টাইটেল স্পন্সর সাফওয়ান বসুন্ধরা গ্লোবাল। গত শনিবার বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের আয়োজনে এবং ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের অধিভুক্তিতে আয়োজিত এই আন্তর্জাতিক আসর দৃষ্টিপ্রতিবন্ধী ক্রিকেটারদের দক্ষতা, শৃঙ্খলা ও দৃঢ়তাকে তুলে ধরছে। অনুষ্ঠানে টুর্নামেন্টের প্রামাণ্যচিত্র প্রদর্শন, এশিয়া কাপ ট্রফি উন্মোচন এবং অংশগ্রহণকারী দলগুলোর পরিচয় তুলে ধরা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো: মাহফুজুল আলম খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটির পরিচালক ও চেয়ারম্যান এস এম আবদুল্লাহ আল ফুয়াদ এবং জাতীয় প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশের মহাসচিব ড. মারুফ আহমেদ মৃদুল। বিশিষ্ট অতিথির মধ্যে ছিলেন বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের পরিচালক (গেমস) ব্যারিস্টার মাহিন এম রহমান; ওয়ার্ল্ড ব্লাইন্ড ক্রিকেট লিমিটেডের সভাপতি ও পাকিস্তান ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ এবং বাংলাদেশ ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান মাহবুবুর রহমান। টুর্নামেন্টে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার দল অংশ নিচ্ছে। গতকাল রোববার আনভির ক্রিকেট স্টেডিয়াম, এবিজি স্পোর্টস সিটিতে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে খেলা শুরু হয়। টুর্নামেন্ট ২০ নভেম্বর পর্যন্ত চলবে। বিজ্ঞপ্তি।