ঈশ্বরদী ইপিজেডে মার্কিন প্রতিষ্ঠানের ৫০ লাখ ডলার বিনিয়োগ

শতভাগ মার্কিন মালিকানাধীন প্রতিষ্ঠান বিডি লেপাচু লিমিটেড ঈশ্বরদী ইপিজেডে ৫০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি পরচুলা (শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস) তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) গতকাল ঢাকার বেপজা কমপ্লেক্সে প্রতিষ্ঠানটির সাথে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানটি বার্ষিক এক লাখ পিছ শিক্ষামূলক হেয়ার ম্যানিকুইন হেডস (অরিজিনাল সিরিজ, ক্যাপ সিরিজ, প্রিমিয়াম সিরিজ এবং সিøপ-অন সিরিজ) উৎপাদন করবে। আন্তর্জাতিক কসমেটোলজি একাডেমি এবং সেলুনগুলোর জন্য বিশেষভাবে নকশা করা এই পণ্যগুলো ল’রিয়েল, ওয়েলা, কাও এবং হেনকেলের মতো বিশ্বখ্যাত বিউটি ব্র্যান্ডগুলোতে সরবরাহ করা হবে। কোম্পিানিটি থেকে বছরে প্রায় ৭০ লাখ মার্কিন ডলার রফতানি আয় হবে বলে আশা করা হচ্ছে এবং কোম্পানিটিতে ২৯৫ জন বাংলাদেশীসহ মোট ৩০০ জনের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। বেপজার পক্ষে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং প্রতিষ্ঠানটির পক্ষে বিডি লেপাচু লিমিটেড জেনারেল ম্যানেজার হে ঝি লং, চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। বিজ্ঞপ্তি।