বঙ্গোপসাগরে নিম্নচাপটি বুধবার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে

 নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ক্রমেই শক্তিশালী হয়ে নিম্নচাপের পরবর্তী ধাপে পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, এটি আজ সোমবার ঘূর্ণিঝড়ে এবং আগামীকাল মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। সাগর থেকে স্থলভাগে ওঠার সময়ে আরো শক্তিশালী হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের বিশেষ আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে গতকাল রোববার সকাল ৬টায় নিম্নচাপে পরিণত হয়। নিম্নচাপটির কেন্দ্র চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে প্রায় এক হাজার ৯৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ৯০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা থেকে এক হাজার ৮২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৮২৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
নিম্নচাপটির কেন্দ্রের ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ কিলোমিটার। দমকা অথবা ঝোড়ো হাওয়ার আকারে তা ঘণ্টায় ৫০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের কাছাকাছি সাগর মাঝারি ধরনের উত্তাল রয়েছে।

Advertisement