
নিজস্ব প্রতিবেদক
নৈতিকতাভিত্তিক সমাজ গড়ে তুলতে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের আহ্বান জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী ও জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
শনিবার রাতে রাজধানীর বারিধারায় বিশিষ্ট ব্যবসায়ীদের সাথে এক আলোচনা সভা ও মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। বসুন্ধরা সাংগঠনিক থানা (৪০ নম্বর ওয়ার্ড) জামায়াত এ সভার আয়োজন করে।
৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: আবুল বাসারের সভাপতিত্বে এবং থানা সেক্রেটারি মুহাম্মদ ইউসুফের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো: নাজিম উদ্দিন মোল্লা।
মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, অপসংস্কৃতি ব্যক্তি, পরিবার ও পুরো সমাজকে বিপথগামী করে তোলে। একটি সুষ্ঠু ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তুলতে কুরআন ও ইলমের চর্চা এবং সুনাগরিক তৈরির কাজে অর্থ ব্যয় করতে হবে। সমাজ বিনির্মাণে বিনিয়োগের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা প্রয়োজন।
তিনি বলেন, যেখানে আল্লাহর আইন প্রতিষ্ঠিত থাকে না, সেখানে ন্যায়বিচার ব্যাহত হয় এবং দুর্নীতি ও বিভিন্ন অপরাধের প্রবণতা বাড়ে। ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম সহজ নয়। এ জন্য ত্যাগ ও ধৈর্যের প্রয়োজন।
সেলিম উদ্দিন বলেন, তারা এমন নাগরিক তৈরি করতে চান, যারা আল্লাহর ভয়, নৈতিকতা ও সততার ভিত্তিতে জীবন পরিচালনা করবেন। সমাজ পরিবর্তনের লক্ষ্যেই তারা কাজ করছেন। তাদের তৈরি করা ব্যক্তিরা বিভিন্ন দায়িত্বে থেকে সততা ও দুর্নীতিমুক্তভাবে কাজ করার চেষ্টা করছেন।
তিনি আরো বলেন, জামায়াতের সংসদ সদস্যরা সততা ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করার মতো কেউ নেই। তারা শুধু কথায় নয়, কাজের মাধ্যমে নিজেদের অঙ্গীকার ও অবস্থানের প্রমাণ দিতে চান।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








