
রংপুর ব্যুরো
‘গাড়ি তখন চলন্ত। আমার হাতে গামছা বেঁধে মুকুল আর শাকিবকে লাথি দিয়ে ফেলে দিয়েছে। তারা পেছনের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে।’ রংপুরের তারাগঞ্জে নৈশকোচ থেকে ফেলে দেয়ার ঘটনায় আহত যাত্রী আতিকুল ইসলাম এভাবেই বর্ণনা দেন। আতিকুল জানান, তিনি সবার কাছে অনুরোধ করেছেন, এমনকি চালকের পা ধরেছেন। কিন্তু কেউ তার কথা শোনেনি।
রোববার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ অংশে এ ঘটনা ঘটে। নিহত দু’জন হলেন নীলফামারী সদর উপজেলার চড়ারাইখোলা গ্রামের কালু মিয়ার ছেলে মুকুল (৩০) ও লোকমানের ছেলে শাকিব (২৮)। তারা কুমিল্লার একটি নির্মাণপ্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
আতিকুল জানান, বাসের হেলপার তার অবস্থা খারাপ করে দিয়েছে। অন্য যাত্রীদের নামতে দেয়া হলেও তাকে নামতে দেয়া হয়নি। তিনি শুধু বলেছিলেন, গাড়িটি এতবার ব্রেক করছে কেন। তার কাছে এক লাখ ১০ হাজার টাকা ছিল। সেটিও ছিনিয়ে নেয়ার চেষ্টা করা হয় বলে তিনি অভিযোগ করেন। নিহত শাকিবের বড় ভাই শাকিল বসুনিয়ার ভাষ্য অনুযায়ী, তার চাচা আতিকের কাছে টাকা ছিল। অন্যদের নামিয়ে দিয়ে তাকে জিম্মি করা হয়। বাঁচাতে গেলে মুকুল ও শাকিবকে লাথি মেরে ফেলে দেয়া হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি বানী ইসরাইল জানান, কুমিল্লা থেকে সৈয়দপুরগামী সাইমুন পরিবহনের (ঢাকা মেট্রো ব-১২৩৯৯০) নৈশকোচে ভাড়া নিয়ে যাত্রীদের সাথে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সুপারভাইজার তিন যাত্রীকে চলন্ত কোচের সামনের দরজা দিয়ে লাথি মেরে ফেলে দেন। এরপর বাসটি দ্রুত চলতে শুরু করলে পেছনের চাকায় পিষ্ট হয়ে মুকুল ও শাকিব ঘটনাস্থলেই মারা যান। আতিকুল আহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় হাইওয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তারাগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার বেনজির আহমেদ বলেন, ঘটনাস্থলে কোনো দুর্ঘটনার আলামত পাওয়া যায়নি। স্থানীয়রা তাদের জানিয়েছেন, দু’জনকে বাস থেকে ফেলে দেয়া হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








