
নয়া দিগন্ত ডেস্ক
বগুড়ার আদমদীঘিতে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। চট্টগ্রামের রাউজানে বিয়ের চার মাসেই নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির সামনে থেকে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্য দিকে মাদারীপুরে নিখোঁজের চার দিন পর একটি পরিত্যক্ত ডোবা থেকে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। প্রত্যেকটি ঘটনাতেই হত্যার সন্দেহ করা হচ্ছে। ব্যুরো, প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর-
চট্টগ্রাম ব্যুরো জানায়, জেলার রাউজানে রিমা দে নামের এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার রাত ৯টার দিকে রাউজান পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের সৎসঙ্গ মন্দিরসংলগ্ন শ্বশুরবাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের অভিযোগ, নির্যাতনের পর বালিশচাপা দিয়ে তাকে হত্যা করা হয়েছে।
নিহত রিমা দে ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টেকবাড়িয়া চা-বাগানসংলগ্ন এলাকার খোকন দে ও প্রভা রাণী দে দম্পতির মেয়ে।
আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা জানান, বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে নিয়ে যাওয়ার পথে সোলাইমান আলী (৬৫) নামে এক চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শনিবার রাত ৯টার দিকে নওগাঁ সদর উপজেলার খয়রাবাদ গ্রামের সামনে একটি পরিত্যক্ত ইটভাটার কাছে এ ঘটনা ঘটে।
নিহত সোলাইমান আলী সান্তাহার পৌর এলাকার বশিপুর সরদার পাড়ার মৃত ওসমান আলীর ছেলে। তিনি সান্তাহার লোকো পূর্ব কলোনির রেলওয়ে কোয়ার্টারে বসবাস করতেন।
ঘোড়াঘাট (দিনাজপুর) সংবাদদাতা জানান, দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম রুবেল তালুকদার (৫০) নামে এক প্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি (কাচারি) এলাকায় এ ঘটনা ঘটে। তার বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। রুবেল ওই এলাকার মৃত সাইফুদ্দিন তালুকদারের ছেলে। দীর্ঘ ৯ বছর মালয়েশিয়ায় থাকার পর প্রায় দেড় বছর আগে দেশে ফেরেন তিনি।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে নিখোঁজের চার দিন পর আশিক খান (২৪) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে ধানক্ষেতের পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। আশিক ওই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে মাছ ধরার জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে যান আশিক। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রোববার স্থানীয় লোকজন ডোবায় একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে আশিকের পরিচয় নিশ্চিত করে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








