গণভোটের রায় বাস্তবায়ন ছাড়া সঙ্কটের সমাধান হবে না : হামিদ আযাদ

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংস্কার পরিষদ গঠন ছাড়া দেশের চলমান রাজনৈতিক ও সাংবিধানিক সঙ্কটের সমাধান হবে না বলে মন্তব্য করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। তিনি বলেছেন, জনগণের রায় উপেক্ষা করে কেবল সংবিধান সংশোধনের পথে হাঁটলে সঙ্কটের সমাধান হবে না। তিনি জানান, সড়কের বেহাল অবস্থা এবং বিকল্প হিসেবে ট্রেনযোগে কর্মসূচি বাস্তবায়নে কারিগরি ও ব্যবস্থাপনাগত জটিলতার কারণে আগামী ২১ নভেম্বর নির্ধারিত সিলেট অভিমুখে লংমার্চ আপাতত স্থগিত করেছে ১১ দলীয় ঐক্য।
গতকাল রোববার বিকেলে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
হামিদুর রহমান আযাদ বলেন, গত ৬ আগস্ট ঘোষিত চারটি লংমার্চ কর্মসূচির মধ্যে ইতোমধ্যে তিনটি ব্যাপক জনঅংশগ্রহণ ও স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। সাত দফা দাবির প্রতিও দেশব্যাপী ব্যাপক সাড়া পাওয়া  গেছে। এসব কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ সরকারের প্রতি জনমনে সৃষ্ট অসন্তোষ ও অনাস্থার বহিঃপ্রকাশ।
তিনি অভিযোগ করেন, সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন ও সংস্কার পরিষদ গঠনে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে। বরং অন্তর্বর্তী সরকারের সময়ে নেয়া সংস্কার উদ্যোগগুলো বাতিলের মাধ্যমে সংস্কারের অঙ্গীকার থেকে সরে এসেছে। জনগণের রায় উপেক্ষা করে দেশকে আবারো অনিশ্চয়তার দিকে ঠেলে দেয়ার পরিণতি শুভ হবে না।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, একের পর এক বোমা হামলা, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে মানুষের জানমালের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়েছে। এসব অপরাধ দমনে সরকার দৃশ্যমান ও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সরকারকে নিজেদের ব্যর্থতা স্বীকার করে জাতীয় সংসদে সুস্পষ্ট বক্তব্য দিতে হবে এবং অপরাধীদের দল-মত-পরিচয় নির্বিশেষে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
জাতীয় ঐক্যের বিষয়ে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, সংস্কার পরিষদ গঠন, জুলাই গণহত্যার বিচার, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, গণতন্ত্রের বিকাশ এবং ফ্যাসিবাদী প্রবণতা প্রতিরোধকে জাতীয় ঐক্যের মৌলিক ভিত্তি হিসেবে গ্রহণ করতে হবে। সরকার এসব বিষয়ে আন্তরিক ও কার্যকর উদ্যোগ নিলে ১১ দলীয় ঐক্য বৃহত্তর জাতীয় ঐক্যের আহ্বানে ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।
তিনি বলেন, লংমার্চ স্থগিত হলেও সাত দফা দাবি আদায়ের আন্দোলন থেকে ১১ দলীয় ঐক্য একচুলও পিছপা হবে না। জনগণকে সাথে নিয়ে নিয়মতান্ত্রিক, শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন অব্যাহত থাকবে।
১১ দলীয় ঐক্যের মধ্যে কোনো ভাঙন বা বিভেদ নেই দাবি করে তিনি বলেন, ঐক্য অটুট ও সুদৃঢ় রয়েছে। ফ্যাসিবাদী কর্মকাণ্ড ও সন্ত্রাসী তৎপরতা প্রতিরোধে সরকারকে কঠোর ও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, লিবারেল ডেমোক্রেটিক পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব মো: বিল্লাল হোসেন মিয়াজী, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, জাগপার মুখপাত্র ও সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার, বাংলাদেশ লেবার পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা এবং বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম প্রমুখ।