পাঁচ দিনে নাফ নদী থেকে ৩০ কোটি টাকার ইয়াবা উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

পাঁচদিনের ব্যবধানে আবারো নাফ নদী থেকে প্রায় ২০ কোটি টাকা মুল্যের চার লাখ ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড। গত শনিবার রাতে টেকনাফ থানাধীন নাফ নদীর নাজিরপাড়া এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা গুলো উদ্ধার করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ১০ কোটি টাকা মুল্যের দুই লক্ষাধিক ইয়াবা উদ্ধার করে কোস্টাগার্ড। 
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মায়ানমার হতে ইয়াবার একটি বড় চালান নাফ নদী হয়ে বাংলাদেশে প্রবেশ করবে, যার কারণে গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়।
গত শনিবার মধ্যরাতে কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা নাফ নদীতে একটি  বিশেষ অভিযান  চালায়। অভিযান চলাকালীন টেকনাফ থানাধীন নাজিরপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি সন্দেহজনক ইঞ্জিন চালিত কাঠের বোটকে থামার সঙ্কেত প্রদান করলে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা দ্রুত মায়ানমারের সমুদ্রসীমায় পালিয়ে যায়। পরবর্তীতে আভিযানিক দল কর্তৃক পানিতে ভাসমান চারটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি করে প্রায় ২০ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের চার লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।