এনটিআরসিএর ১-১২তম নিবন্ধনধারীদের তিন দাবিতে রাজধানীতে কর্মসূচি পালন

 নিজস্ব প্রতিবেদক 

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) কর্তৃক ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগে নির্বাহী আদেশের সুপারিশ দ্রুত বাস্তবায়নসহ তিন দাবিতে আন্দোলনে নেমেছেছেন চাকরিপ্রার্থীরা। এ জন্য একইসাথে সংবাদ সম্মেলনের পাশাপাশি অবস্থান কর্মসূচিও পালন করছেন তারা।  গতকাল ১-১২তম নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশী শিক্ষক সমিতি জাতীয় প্রেস ক্লাবের ভেতরে ও বাইরে এ আয়োজন করেন তারা। যদিও শিক্ষা মন্ত্রণালয় গতকাল বিকেলে নিবন্ধনধারীদের সাথে কিছু বিষয়ে ভিন্ন মত দিয়েছেন। মন্ত্রণালয় বলছে  বয়স নিয়ে একটু জটিলতা রয়েছে। নির্বাহী আদেশ জারির পূর্বে চাকরির বয়সসীমাসংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নেয়া জরুরি হবে।
সকালে প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, তারা তাদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে কথা বলতে  চান। এর মাধ্যমে তারা তাদের দাবিগুলো তুলে ধরবেন। তারা বিভিন্ন সময়ে এসব তুলে ধরলেও বাস্তবায়ন হয়নি। এ কারণে আজকের কর্মসূচিতে উপস্থিত হয়েছেন। তারা তাদের দাবি যৌক্তিক উল্লেখ করে তিন দাবিতে এ কর্মসূচি পালন করছেন।
এ ছাড়া গত ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক লাইভে এসে একটি অনলাইন গণমাধ্যমের সম্পাদকের ১-১২তম নিবন্ধিত শিক্ষকদের নিয়ে ‘মিথ্যা, বানোয়াট, কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর’ বক্তব্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করছেন বলে তারা জানিয়েছেন। এর আগে ৮ নভেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদের শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে ১ম থেকে ১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটি কক্ষে কমিটির সভাপতি মো: সেলিম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের সহকারী পরিচালক মো: রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামোর বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ প্রজ্ঞাপন স্থায়ী কমিটিকে অবহিত করা হয় এবং ১-১২তম নিবন্ধনকারী শিক্ষকদের বিষয়ে এনটিআরসিএ কর্তৃক গৃহীত সর্বশেষ সিদ্ধান্ত কমিটিকে অবহিত করা হয়। কমিটি ১-১২তম নিবন্ধনধারী শিক্ষকদের সরকারের নির্বাহী আদেশে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সুপারিশ করেছে।
মন্ত্রণালয়ের ভিন্ন মত
এ দিকে শিক্ষা মন্ত্রণালয় সূত্র বলছে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের এমপিও নীতিমালায় প্রার্থীদের চাকরির সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর উল্লেখ করা হয়েছে। ফলে স্বাভাবিক প্রক্রিয়ায় ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ সম্ভব নয়। তাদের নিয়োগ দিতে হলে সরকারের নির্বাহী আদেশ প্রয়োজন হবে। এ নির্বাহী আদেশ জারি করতে হলে শিক্ষা মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর অনুমোদন নিতে হবে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা  জানান, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক শূন্যপদ রয়েছে। ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমরা চাইলেই তাদের নিয়োগ হয়ে যাবে না। এ জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন প্রয়োজন হবে। প্রধানমন্ত্রী অনুমোদন দিলে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগ দিতে নির্বাহী আদেশ জারি করা যেতে পারে।’ ওই কর্মকর্তা আরো বলেন, নির্বাহী আদেশ জারির পূর্বে চাকরির বয়সসীমাসংক্রান্ত বিষয়ে অর্থ মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতামত নিতে হবে। সবগুলো ধাপ সম্পন্ন করার পর তাদের নিয়োগ সুপারিশ করা যেতে পারে। এ দিকে ১-১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি আদায়ে সাত দিনের আলটিমেটাম দিয়েছেন চাকরিপ্রার্থীরা।