
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক সভায় বক্তারা বলেছেন দলীয় বিবেচনায় শিক্ষক নিয়োগ হলে শিক্ষাব্যবস্থায় ধস নামবে। তাই সরকারের উচিত মেধা, দক্ষতা আর যোগ্যতার বিচারই শিক্ষক নিয়োগের একমাত্র বিবেচ্য বিষয় হওয়া দরকার। গত শনিবার রাজধানীর মগবাজারে এ সভা অনুষ্ঠিত হয়। মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভিসি ও পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ড. উমার আলীর সভাপতিত্বে, সেক্রেটরি ও চট্রগ্রাম ইসলামী ইউনিভার্সিটির সাবেক প্রোভিসি প্রফেসর ড. শামিম উদ্দিন খানের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এবিএম ফজলুল করীম বলেন, দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীর্ঘদিন ধরে দলীয় বিবেচনায় শিক্ষক, কর্মকর্তা ও প্রশাসনিক পদে নিয়োগ দেয়ার অভিযোগ উঠেছে, যা শিক্ষার মানকে চরমভাবে প্রশ্নবিদ্ধ করছে। বিভিন্ন সময় শিক্ষাবিদ, শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উদ্বেগ প্রকাশ করে আসছেন যে, ভিসি প্রক্টর ও রেজিস্ট্রারের মতো গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেয়া হচ্ছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বিভিন্ন গবেষণা সংস্থার প্রতিবেদনেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্য, স্বজনপ্রীতি এবং দলীয়করণের বিষয়টি একাধিকবার উঠে এসেছে। এর ফলে প্রকৃত মেধাবী ও যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন এবং উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, সরকারের পক্ষ থেকে প্রায়ই দাবি করা হয় যে, প্রচলিত বিধিবিধান ও স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ করেই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ প্রদান করা হচ্ছে। তবে শিক্ষা সংশ্লিষ্টদের মতে, কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত এই দলীয়করণের সংস্কৃতি অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশের মেধাপাচার আরো বাড়বে। জাতি গঠনের কারিগর হিসেবে পরিচিত এই প্রতিষ্ঠানগুলোর স্বায়ত্তশাসন ও মর্যাদা রক্ষায় রাজনৈতিক প্রভাবমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করা জরুরি।
সভায় বক্তব্য রাখেন, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. শামছুল আলম, ড. মোস্তাফিজুর রহমান, ড. রফিকুল ইসলাম, প্রফেসর ড. বেলাল, ড. জহির, ড. আকরাম উদ্দিন, বাআশিফের সহকারী জেনারেল সেক্রেটারি অধ্যাপক রবিউল ইসলাম, অধ্যক্ষ মহিউদ্দিন ফারুক প্রমুখ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








