২৪-২৫ অর্থবছরে ২৪.১৭ বিলিয়ন ডলারের বাণিজ্য ঘাটতি : সংসদে বাণিজ্যমন্ত্রী

সংসদ প্রতিবেদক 

২০২৪-২৫ অর্থবছরে দেশে ২৪.১৭ বিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি জানান, ওই অর্থবছরে বাংলাদেশ থেকে ৫৫.১৯ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি এবং তার বিপরীতে ৭৯.৩৬ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য আমদানি করা হয়েছে।
গতকাল রোববার জাতীয় সংসদের অধিবেশনে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত তারকা চিহ্নিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য নিলুফার চৌধুরী মনির (মহিলা আসন-১০) এক প্রশ্নের লিখিত জবাবে বাণিজ্যমন্ত্রী এসব তথ্য জানান।
বাণিজ্যমন্ত্রী লিখিত জবাবে জানান, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ থেকে মোট ২০২টি গন্তব্যে পণ্য রফতানি করা হয়েছে। রফতানি বাণিজ্য বৃদ্ধিতে এবং একক পণ্যের উপর নির্ভরশীলতা কমাতে সরকারের বিভিন্ন পদক্ষেপ চলমান রয়েছে।
রফতানি ঘাটতি সমন্বয় ও নতুন বাজার তৈরিতে অগ্রগতি
তৈরী পোশাকের বাইরে নতুন খাতকে সুবিধা প্রদান: রফতানি আয়ের ৮৪ শতাংশ তৈরী পোশাক খাত থেকে অর্জিত হওয়ায় একক নির্ভরতা কমাতে তৈরী পোশাকের (RMG) মতো সুবিধা অন্য খাতগুলোতে সম্প্রসারণ করা হচ্ছে। ১৮টি খাতের আংশিক রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক গ্যারান্টির বিনিময়ে বন্ডেড সুবিধা দিয়ে এনবিআর (NBR) থেকে আদেশ জারি করা হয়েছে।
‘ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট’: জাপানি ‘One Village One Product’-এর আদলে জেলাভিত্তিক রফতানি ত্বরান্বিত করতে কর্মসূচি হাতে নেয়া হয়েছে। এর আওতায় ৬৮টি জেলা থেকে ৬৪টি পণ্য চিহ্নিত করা হয়েছে।
এলডিসি গ্র্যাজুয়েশন ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি : স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের ফলে ১৭.৫ বিলিয়ন ডলারের রফতানি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তা উত্তরণে ইতোমধ্যে জাপানের সাথে Economic Partnership Agreement (EPA) স্বাক্ষরিত হয়েছে। কোরিয়ার সাথে CEPA নেগোসিয়েশন সম্পন্ন হয়েছে। এ ছাড়া ইউরোপীয় ইউনিয়ন, RCEP, BDGB, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, চায়নাসহ বিভিন্ন দেশের সাথে চুক্তি সম্পাদনের প্রক্রিয়া চলছে।
আন্তর্জাতিক মেলা ও সোর্সিং এক্সপো: ইপিবি ২০২৫-২৬ অর্থবছরে ÔGlobal Sourcing Expo’ আয়োজনের পাশাপাশি ৪৬টি আন্তর্জাতিক বাণিজ্যমেলা ও ৮টি সেমিনার পরিচালনা করছে। ঐতিহ্যবাহী গন্তব্যের বাইরে ব্রাজিল, মধ্যপ্রাচ্য, ইউরোপের নতুন দেশ, সিআইএস ও আফ্রিকায় বাণিজ্যিক মিশন পাঠানো হচ্ছে।
অর্থায়ন ও প্রণোদনা: বাংলাদেশ ব্যাংক রফতানিমুখী শিল্প খাতে নি¤œসুদে Pre-shipment Loan সহায়তায় পাঁচ হাজার কোটি টাকার তহবিল গঠন করেছে।
বর্ষপণ্য ঘোষণা: কাগজ ও প্যাকেজিং পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে ‘পেপার অ্যান্ড প্যাকেজিং প্রোডাক্টস’ খাতকে ২০২৬ সালের বর্ষপণ্য ঘোষণা করা হয়েছে।