ভরা মৌসুমে পর্যটন খাতে বড় বিপর্যয়ের শঙ্কা
ভরা মৌসুমে পর্যটন খাতে বড় বিপর্যয়ের শঙ্কা।

আবুল কালাম

Advertisement

দেশব্যাপী আওয়ামী লীগের সহিংসতায় সৃষ্ট রাজনৈতিক অস্থিতিশীলতার আশঙ্কায় ভরা মৌসুমে দেশের পর্যটন খাতে বড় ধরনের বিপর্যয়ের শঙ্কা দেখা দিয়েছে। খাতসংশ্লিষ্টদের মতে, বিরাজমান পরিস্থিতির পরিবর্তন না হলে সম্ভাবনাময় এই শিল্প কয়েক হাজার কোটি টাকার লোকসানের মুখে পড়বে।
সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে পর্যটনের ভরা মৌসুম চলে এবং নির্ধারিত সময়ের আগে থেকেই হোটেল-মোটেল বুকিং শুরু হয়। তবে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টোয়াব) মতে, এ বছর এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য হতাশাজনক এবং এতে বড় বিপর্যয়ের আভাস পাওয়া যাচ্ছে।
টোয়াবের সাবেক সভাপতি শিবলুল আজম কোরেশি বলেন, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তনের বিষয়টিকে কেন্দ্র করে সহিংসতার আশঙ্কায় মানুষ এখন আতঙ্কিত। ফলে অনেকেই প্রয়োজন ছাড়া ঢাকার বাইরে যেতে নিরাপদ বোধ করছেন না। এতে প্রত্যাশা অনুযায়ী পর্যটকদের সাড়া মিলছে না। ডিসেম্বর পর্যন্ত এমন পরিস্থিতি চলতে পারে উল্লেখ করে তিনি বলেন, এরপর কী অবস্থা দাঁড়াবে তা পরবর্তী পরিস্থিতির ওপর নির্ভর করবে। বিরাজমান অবস্থার পরিবর্তন না হলে এ খাতে কয়েক হাজার কোটি টাকার লোকসান হবে বলেও তিনি মন্তব্য করেন।
টোয়াবের আরেক সদস্য জানান, অক্টোবর থেকে প্রতিদিন কক্সবাজারের পাঁচ শতাধিক হোটেল-মোটেলের ৫০ থেকে ৬০ শতাংশ কক্ষ বুকিং থাকত এবং দিনে অর্ধলক্ষাধিক পর্যটকের সমাগম হতো। শুক্র ও শনিবারসহ সরকারি ছুটির দিনগুলোতে এই সংখ্যা লাখ ছাড়িয়ে যেত। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে চলা রাজনৈতিক অস্থিরতায় তা অর্ধেকে নেমে এসেছে।
দেশের প্রধান পর্যটন কেন্দ্র চট্টগ্রাম অঞ্চল, সিলেট, খুলনা ও কুয়াকাটায় খোঁজ নিয়ে জানা গেছে, এখনো আশানুরূপ পর্যটকের সাড়া মেলেনি। কক্সবাজার হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার জানান, প্রতি বছর এমন সময়ে কক্সবাজারে পর্যটকের ঢল নামলেও রাজনৈতিক অস্থিতিশীলতায় বর্তমানে উল্টো পরিস্থিতি বিরাজ করছে। একই কথা জানিয়েছেন সিলেট ও কুয়াকাটার হোটেল-মোটেল মালিক ব্যবসায়ী সমিতির নেতারাও। তবে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরলে ধীরে ধীরে পর্যটক বাড়বে বলে স্থানীয় ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন।
পর্যটক কমার একই প্রভাব পড়েছে এভিয়েশন ও রেস্তরাঁ শিল্পেও। এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি) সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, প্রতি বছর এই সময়ে টিকেট বিক্রির যে চাপ থাকত, বর্তমানে তা আশানুরূপ নেই। একই কারণে রেস্টুরেন্ট ও খাবার হোটেলগুলোতেও মন্দা দেখা দিয়েছে, যার ফলে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ী ও হোটেল-মোটেল কর্মচারীরা বেকার হয়ে পড়েছেন।
এ দিকে খাতটির বর্তমান সঙ্কট ও অব্যবস্থাপনা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছেন পর্যটকরা। তাদের অভিযোগ, এমনিতেই এই খাত সিন্ডিকেটের খাঁচায় বন্দী হয়ে লেজেগোবরে অবস্থায় রয়েছে। এসব দেখভালের জন্য ট্যুরিজম বোর্ড, ট্যুরিজম পুলিশ ও পর্যটন কর্পোরেশনের মতো সরকারি সংস্থা থাকলেও তাদের কার্যকর কোনো পদক্ষেপ নেই। পর্যটকদের আশঙ্কা, বর্তমান অবস্থায় নতুন করে বিপর্যয় তৈরি হলে সেই বাড়তি ব্যয় সংকুলানে ব্যবসায়ীরা পর্যটকদেরই ‘পকেট কাটবেন’। এতে অতিরিক্ত খরচের চাপে পর্যটক আরও কমে যাবে এবং খাতটি বড় চ্যালেঞ্জের মুখে  পড়বে। পর্যটকরা আরো জানান, প্রতি বছর নভেম্বর থেকে পর্যটন মৌসুম শুরু হলেই হোটেল-মোটেলের রুম ভাড়া থেকে শুরু করে খাবারের দাম পর্যন্ত কয়েক গুণ বাড়িয়ে দেয়া হয়। এক্ষেত্রে সেন্টমার্টিনের পর সবচেয়ে বেশি অনিয়ম হয় কক্সবাজার ও সুন্দরবনে। কক্সবাজারে হোটেল ভাড়া ও খাবারের দাম বাড়ানো হয় এবং সুন্দরবনে যাতায়াতের ক্ষেত্রে জাহাজ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়। তাদের ভাষ্যমতে, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের পর্যটন কেন্দ্রগুলোতে পর্যটকবান্ধব পরিবেশ কম থাকলেও খরচ অনেক বেশি, যার মূল কারণ সিন্ডিকেট ব্যবসা। এ ছাড়া পর্যটকদের নিরাপত্তাহীনতা, বিভিন্ন স্পটে যাওয়ার নাজুক রাস্তাঘাট ও যাতায়াত ব্যবস্থা এবং পর্যাপ্ত বিনোদন কেন্দ্র না থাকার কারণেও পর্যটকরা আগ্রহ হারাচ্ছেন। ফলে সম্ভাবনাময় এই শিল্প বারবার পিছিয়ে পড়ছে।