
ক্রীড়া প্রতিবেদক
সারা ম্যাচের একের পর এক বল ঠেকিয়ে বাংলাদেশ দলের পোস্ট আগলে রাখছিলেন গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ; কিন্তু ৮৬ মিনিটে দীর্ঘদেহী এই কিপারের ভুলেই সর্বনাশ। ঠিক জাতীয় দল ও বসুন্ধরা কিংসের হয়ে আন্তর্জাতিক ম্যাচের শুরুতে যেভাবে ভুল করে বল বিপক্ষ ফরোয়ার্ডদের পায়ে জমা দিতেন গতকালও জাতীয় স্টেডিয়ামে সেই পথে হাঁটা। হাত দিয়ে তিনি বল দিতে চেয়েছিলেন নিজ দলের খেলোয়াড়ের পায়ে; কিন্তু সেই বল গিয়ে পড়ে পাকিস্তানি ফুটবলার আদিল নবীর পায়ে। আদিল বল ধরে পাস দেন আবদুল সামাদ শেহজাদকে। শেহজাদ বলের নিয়ন্ত্রণ নিয়ে জিদান ইউসুফকে পরাস্ত করে বাম পায়ে যে শট নেন তাতেই সব আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। বক্সের ডান কোনা থেকে শেহজাদ শট নেয়ার সময় শ্রাবণ প্রথম পোস্টও ফাঁকা রাখেন। তার দুই ভুলেই পাকিস্তানের গোল-উৎসব। এতে ১-০ গোলে সেমিফাইনাল জিতে প্রথমবারের মতো সাফের ফাইনালে পাকিস্তান। সে সাথে ২০০৫ সালে করাচির মাঠে সাফের সেমিতে বাংলাদেশের কাছে হারের বদলাও নিলো পাকিস্তান। আর বাংলাদেশ ২০০৫ সালের পর এবারো পারল না সাফের ফাইনালে খেলতে। ১৭ নভেম্বর ফাইনালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।
৮৬ মিনিটে গোল হওয়ার পর বাংলাদেশ দল শেষ সময়ে সমতা আনার জন্য যে চেষ্টা করবে তাও করতে দেয়নি গ্যালারির কিছু অতি উৎসাহী সমর্থক। তারা মাঠে স্মোস ফ্লেয়ার ছুড়ে মারতে থাকে। মাঠের পূর্ব দিক ও উত্তর দিকে এই কাজ চলতে থাকে। কয়েকটি স্মোক ফ্লেয়ার এসে পড়ে পাকিস্তানি পোস্টের সামনে। এতে রেফারি কিছুক্ষণ খেলা বন্ধ রাখেন। এতে বাংলাদেশ দলের খেলার স্পিডটা নষ্ট হয়ে গেছে। পরে হামজা চৌধুরী গিয়ে দর্শকদের শান্ত হতে বলেন। খেলা শেষে তারা গ্যালারিতে আগুনও জ্বালায়।
ম্যাচে যোগ্য দল হিসেবেই জিতেছে পাকিস্তান। তারা তাদের পোস্ট অক্ষত রাখে। আর বাংলাদেশ দলের ফুটবলাররা দ্বিতীয়ার্ধে একটিবারের জন্যও পাকিস্তানি কিপারকে পরীক্ষায় ফেলতে পারেনি। ৬১ মিনিটে শুধু ফারহান আলী ওয়াহিদ চিপ অল্পের জন্য পাকিস্তানের পোস্টে বাতাস দিয়ে যায়। বিরতির পর বাংলাদেশ দল দুই উইং দিয়ে চেষ্টা করতে থাকে। অধিকাংশ সময়ই বল ছিল পাকিস্তানের সীমানায়। তবে কোনো যুৎসই ক্রস তারা দিতে পারেনি। নিতে পারেনি পোস্টে কোনো দূরপাল্লøার শটও। এই দূরপাল্লার শটও ম্যাচের চিত্র পাল্টায়। ফারহানকে বারবার আটকে দেয় পাকিস্তানের ডিফেন্স লাইন। ছিল খুবই সতর্ক। তারা বাংলাদেশীদের কোনো সুযোগই দেয়নি। সাথে কয়েক ফুটবলার বদল করে তারা আক্রমণে গতিও বাড়ায়। এতেও কোনো সমস্যা হতো না যদি শ্রাবণ ওই ভুলটি না করত। অথচ ৭৬ মিনিটেই শ্রাবণ অসাধারণভাবে আদিল নবীর ফ্রি-কিক কর্নার করেন।
শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০তে জয় পাওয়া বাংলাদেশ দলের সেই একাদশকে গতকাল সেমিতে পাকিস্তানের বিপক্ষে নামাননি কোচ টমাস ডুলি। গত ম্যাচেই মারাত্মক ইনজুরিতে পড়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন সাদউদ্দিন। সুস্থ হতে তার সাত/আট মাস লাগবে। ফলে তার খেলার কোনো চান্সই ছিল না। তাই তার বদলে রহমত মিয়াকে রাইটব্যাক পজিশনে নামান কোচ। ভুটানের বিপক্ষে বদলি হিসেবে নেমে জয়সূচক গোল করা ইব্রাহিম লঙ্কানদের বিপক্ষে ছিলেন একাদশে। কাল তাকেও প্রথমে মাঠে নামাননি কোচ। তার জায়গায় সুযোগ পান জাপানি মা ও বাংলাদেশী বাবার ছেলে শুকি ইতোফুসা। বিরতির পর নামেন ইব্রাহিম।
অন্য দিকে পাকিস্তান নতুন আসা পাঁচ ফুটবলার আবদুল্লাহ ইকবাল, এহসান সুলাইমান, আবদুল সামাদ শেহজাদ, মোহাম্মদ আলী আকবর খান, আদিল নবীকে নিয়ে মাঠে নামে। গোলরক্ষক ইউসুফ ভাটের কাছ থেকে নেতৃত্ব নিয়ে দেয়া হয় নতুন আসা আবদুল্লøাহ ইকবালকে।
এদের নিয়ে ২ মিনিটেই বাংলাদেশের পোস্টে শট নেয় পাকিস্তান। কানাডা প্রবাসী শমিত শোমের ভুল পাস থেকে বল পেয়ে আলী উজাইর মাহমুদ প্রচণ্ড শট নেন। তবে গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের প্রতিরোধে রক্ষা। ম্যাচের ৭ মিনিট বয়সে পাকিস্তানের পোস্টে শট নেয় বাংলাদেশ। কানাডা প্রবাসী সাবেক ক্রিকেটার হালিম শাহর ছেলে সৈয়দ শাহ কাজেম কিরমানির শট বিপক্ষ কিপার সোজা যাওয়ায় জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত হাজারবিশেক দর্শক আনন্দে ভাসতে পারেননি। তবে ২৩ মিনিটে কপাল দোষে গোল পায়নি এবারের সাফের স্বাগতিকরা। ফারহান আলী ওয়াহিদের কর্নারে হেড করে বক্সে বল ফেলেন শমিত শোম। সেই বলে রাকিবের বাম পায়ের শট পাকিস্তানি গোলরক্ষককে পরাস্ত করলেও বল গিয়ে প্রতিহত হয় পোস্টে।
২৫ মিনিটে পাকিস্তান গোলের খুব কাছে চলে গিয়েছিল। রহমত মিয়ার হেডে ভুল ক্লিয়ারেন্সে বল পড়ে বক্সের বাইরে আলী উজাইর মাহমুদের পায়ে। তবে তিনি এই ফাঁকা স্থান থেকে মাটি ঘেষা দুর্বল শট নেয়ায় তা ধরতে কোনো সমস্যা হয়নি শ্রাবণের। আর ৩২ মিনিটে রক্ষা ভাগ্যের জোরে। তারিক কাজীর বাধা টপকে পোস্টে শট নেন পাকিস্তানের আবদুল সামাদ শেহজাদ। সেই বল পোস্টে প্রতিহত হওয়ার পর কর্নারে বিপদমুক্ত করেন জিদান ইউসুফ। শেষ পর্যন্ত এই আবদুল সামাদ শেহজাদই বাংলাদেশকে বিদায় করেন সাফ থেকে। কাউন্টার অ্যাটাকের সুযোগ থেকে এই গোল আদায় তাদের। এতে ২০০৩ সালের পর সাফের শিরোপা জিততে পারলো না লাল-সবুজরা।
হারের পর কোচ ডুলি বলেন, এই হারের দায় আমরাই। ম্যাচে আমরা ভালোই খেলেছিলাম; কিন্তু ভুলের কারণে গোল খেয়েছি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








