রাজপথে জলবায়ু ন্যায়বিচারের দাবি ভেতরে সমঝোতার লড়াই
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু গতকাল তুরস্কের আনতালিয়ায় জাতিসঙ্ঘ জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন কপ৩১-এর ব্লু জোনে উচ্চপর্যায়ের প্যানেল আলোচনায় বক্তৃতা করেন : পিআইডি।

কাওসার আজম, তুরস্ক থেকে
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিশ্বনেতাদের আলোচনা ও দর-কষাকষির মধ্যেই উত্তপ্ত হয়ে উঠেছে তুরস্কের আনতালিয়া। জাতিসঙ্ঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এর ষষ্ঠ দিনে গতকাল শনিবার আলোচনার অর্ধেক সময় পার হয়েছে। সম্মেলনের ভেতরে প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা ১৬৫টি আলোচ্য বিষয়ে সমঝোতার চেষ্টা করছেন। অন্য দিকে সম্মেলনস্থলের বাইরে পরিবেশবাদী, জলবায়ুকর্মী, শ্রমিক, তরুণ ও আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা দ্রুত কার্যকর সিদ্ধান্তের দাবিতে বিক্ষোভ করছেন। তাদের প্রধান দাবি- জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য ঋণের পরিবর্তে অনুদান, জলবায়ুজনিত ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ এবং দূষণকারী দেশ ও করপোরেট প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা।
এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন ও জ্বালানি রূপান্তরের পাশাপাশি মানবাধিকার, যুদ্ধ, সামরিকীকরণ, আদিবাসীদের ভূমির অধিকার, খাদ্যনিরাপত্তা ও করপোরেট জবাবদিহির বিষয়ও গুরুত্ব পাচ্ছে। সম্মেলনের অর্ধেক সময় পার হওয়ার পর কঠিন বিষয়গুলোতে দ্রুত সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছেন জাতিসঙ্ঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক নির্বাহী সচিব সাইমন স্টিয়েল। শনিবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, দ্বিতীয় সপ্তাহে প্রবেশের আগে দেশগুলোকে গুরুত্বপূর্ণ ও কঠিন বিষয়গুলোর আলোচনা এগিয়ে নিতে হবে। কৌশলগত বিলম্ব যেন সমঝোতার পথে বাধা না হয়।
রাজপথে জীবাশ্ম জ্বালানি বন্ধের দাবি : গত ৯ নভেম্বর সম্মেলনের উদ্বোধনী দিন থেকেই প্রতিবাদী কর্মসূচি শুরু হয়। গ্রিনপিস তুরস্কের কর্মীরা কয়লা, তেল ও গ্যাসের ব্যবহার কমিয়ে সৌর ও বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত রূপান্তরের দাবি জানান। ১০ নভেম্বর ৩৫০ ডট অর্গসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা সম্মেলনের ব্লু জোনের প্রবেশপথে বিক্ষোভ করেন। তাদের দাবি, নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধ এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।
১১ নভেম্বর ফ্রাইডেস ফর ফিউচারের কর্মীরা জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎসের সম্মেলনে অনুপস্থিতি নিয়ে প্রতীকী প্রতিবাদ করেন। ১৩ নভেম্বর গ্রিনপিস তুরস্কের ‘নিয়তি নয়, প্রতিরোধ; কয়লা নয়, জীবন’ শীর্ষক প্রদর্শনীতে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে নারীদের আন্দোলন তুলে ধরা হয়। গতকাল আন্তর্জাতিক জলবায়ু প্রতিবাদ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন আনতালিয়ার আয়দিন কানজা পার্ক থেকে প্রজাতন্ত্র স্কয়ার পর্যন্ত পদযাত্রা করে। এতে নতুন জীবাশ্ম জ্বালানি প্রকল্প বন্ধ, ন্যায়সঙ্গত জ্বালানি রূপান্তর, অনুদানভিত্তিক অর্থায়ন ও ক্ষতিপূরণের দাবি জানানো হয়।
তুরস্ক-অস্ট্রেলিয়ার জ্বালানি নীতি নিয়ে প্রশ্ন : কপ৩১-এর নেতৃত্বদানকারী তুরস্ক ও অস্ট্রেলিয়ার জ্বালানি নীতি নিয়েও প্রশ্ন তুলেছে ৩৫০ ডট অর্গ। সংগঠনটির অভিযোগ, দেশ দু’টি এখনো কয়লার ব্যবহার বন্ধের নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেনি; বরং কয়লা উত্তোলন ও ব্যবহার অব্যাহত রয়েছে। অস্ট্রেলিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম কয়লা রফতানিকারক দেশ।
সংগঠনটি কয়লা ব্যবহার বন্ধের নির্দিষ্ট তারিখ ঘোষণা, সব জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার জাতীয় পরিকল্পনা প্রকাশ এবং সাশ্রয়ী নবায়নযোগ্য জ্বালানি নিশ্চিত করার দাবি জানিয়েছে। এ দাবিতে ৪০ হাজার স্বাক্ষর সংগ্রহের লক্ষ্যমাত্রার বিপরীতে ইতোমধ্যে ৩১ হাজার ৫৬৭ জন স্বাক্ষর করেছেন বলে জানিয়েছে তারা।
বাংলাদেশ-সিঙ্গাপুর কার্বন বাজার সহযোগিতা : এ দিকে জলবায়ু অর্থায়ন ও নির্গমন হ্রাসের উদ্যোগের অংশ হিসেবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের মধ্যে প্যারিস চুক্তির অনুচ্ছেদ ৬-এর আওতায় কার্বন বাজার সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। শনিবার আনতালিয়ায় কপ৩১ সম্মেলনের সিঙ্গাপুর প্যাভিলিয়নে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং সিঙ্গাপুরের পক্ষে দেশটির সাসটেইনেবিলিটি ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব মেলভিন অং চুক্তিতে স্বাক্ষর করেন।
এর আওতায় দুই দেশ কার্বন ক্রেডিটসংক্রান্ত তথ্য, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক স্বার্থে কার্বন নিঃসরণ হ্রাসমূলক প্রকল্প বাস্তবায়নে সহযোগিতা করবে। শেখ ফরিদুল ইসলাম বলেন, এ অংশীদারত্ব কার্বন অর্থায়নের নতুন সুযোগ সৃষ্টি, স্বচ্ছ কার্বন বাজারের বিকাশ এবং বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) বাস্তবায়নে সহায়ক হবে। এর মাধ্যমে পরিবেশবান্ধব প্রযুক্তি হস্তান্তর ও বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির সম্ভাবনাও তৈরি হবে। আগামী বছর ইথিওপিয়ায় অনুষ্ঠেয় কপ৩২ সম্মেলনে দুই দেশের মধ্যে বাস্তবায়ন চুক্তি স্বাক্ষরের প্রত্যাশা রয়েছে।
কঠিন সমঝোতায় দ্রুত অগ্রগতির তাগিদ : সংবাদ সম্মেলনে সাইমন স্টিয়েল বলেন, এবারের সম্মেলনে সরকার, আন্তর্জাতিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী প্রতিনিধি ও নাগরিক সমাজসহ বিভিন্ন পক্ষ অংশ নিয়েছে। প্রায় ২০০ দেশ ১৬৫টি ম্যান্ডেট নিয়ে কাজ করছে। আলোচনার প্রতিটি শব্দ ও বাক্যে ঐকমত্যে পৌঁছানো কঠিন হলেও সম্মিলিত সাফল্যের জন্য তা জরুরি। নবায়নযোগ্য জ্বালানি অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান এবং নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানির অন্যতম চালিকাশক্তি। জলবায়ু অভিযোজনও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ।
জলবায়ু সচেতনতা তৈরিতে খেলাধুলা, চলচ্চিত্র, সংগীত ও টেলিভিশনের মতো জনপ্রিয় মাধ্যম ব্যবহারের ওপরও গুরুত্ব দেন তিনি। সংবাদ সম্মেলনে ফুটবল বিশ্বকাপের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরার অভিজ্ঞতা এবং ভারতের চলচ্চিত্রশিল্পে পরিবেশবান্ধব নির্মাণব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ তুলে ধরা হয়।
বাংলাদেশের জন্য অর্থায়নই বড় চ্যালেঞ্জ : সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, উপকূলীয় লবণাক্ততা, ঘূর্ণিঝড়, বন্যা ও নদীভাঙনে বাংলাদেশ নিয়মিত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অথচ বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের দায় তুলনামূলকভাবে খুবই কম। তাই অভিযোজন, পুনর্বাসন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ঋণের পরিবর্তে পর্যাপ্ত অনুদান নিশ্চিত করা বাংলাদেশের অন্যতম প্রধান দাবি। বাংলাদেশ-সিঙ্গাপুর সমঝোতা কার্বন বাজারে নতুন সম্ভাবনা তৈরি করলেও এর সুফল নির্ভর করবে প্রকল্পের স্বচ্ছতা, কার্বন ক্রেডিটের মান ও প্রযুক্তি হস্তান্তরের ওপর। সব মিলিয়ে কপ৩১-এর বাকি সময়ে কঠিন বিষয়গুলোতে সমঝোতা এবং ঘোষিত অঙ্গীকার বাস্তবায়নই হবে বড় পরীক্ষা। বাংলাদেশের মতো ঝুঁকিপূর্ণ দেশগুলোর কাছে সম্মেলনের সাফল্য শুধু নতুন ঘোষণা নয়; বরং পর্যাপ্ত অনুদান, দ্রুত অর্থ ছাড়, ন্যায্য ক্ষতিপূরণ ও বাস্তবসম্মত জ্বালানি রূপান্তরের নিশ্চয়তা।

Advertisement