দেশ ছাড়ার পরও জাতিকে কষ্ট দিয়ে চলেছেন তিনি : ডা. শফিকুর রহমান
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগ জেলা প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন সংসদে বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পরও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কষ্ট দিয়ে চলেছেন বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শেখ হাসিনার নাম উল্লেখ না করলেও তার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, জনগণ সহজে জেগে ওঠে না। কিন্তু একবার জেগে উঠলে আর কাউকে ছাড় দেয় না।
গতকাল শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশে (আইইবি) জামায়াতের যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে আয়োজিত যুব প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘পালিয়ে যাওয়ার পরও তিনি জাতিকে কষ্ট দিয়ে চলেছেন। মনে রাখবেন, এ জাতি সহজে জেগে ওঠে না। কিন্তু একবার জেগে উঠলে কাউকে ছেড়ে দেয় না।’ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, তাকে ঠেকানোর জন্য কোনো কর্মসূচি দেয়ার প্রয়োজন নেই। তিনি বলেন, ‘তাকে থামানোর জন্য নয়, ডিসেম্বরজুড়ে আমরা ধারাবাহিক কর্মসূচি পালন করব। এসব কর্মসূচি সফল করতে আমাদের সর্বশক্তি নিয়োগ করব।’
সাবেক প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে জামায়াত আমির বলেন, ‘তিনি যদি এতই ভালো হতেন, তাহলে দেশ ছেড়ে পালাতেন না। আমাদের কোনো নেতা দেশ ছেড়ে পালাননি। কারা পালিয়ে যায়? যারা পাপের বিশাল বোঝা বহন করে। তারা বুঝতে পারে, এ সমাজে আর এক মুহূর্তও থাকার নৈতিক অধিকার তাদের নেই।’
জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা পূরণ হয়নি : ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের তাৎপর্য তুলে ধরে শফিকুর রহমান বলেন, ওই আন্দোলন কেবল কোটা সংস্কারের দাবিতে সংঘটিত হয়নি; বরং রাষ্ট্রকাঠামোর পরিবর্তন এবং জীবনের সর্বক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠার আকাক্সক্ষা থেকেই মানুষ রাজপথে নেমেছিল। কিন্তু সে প্রত্যাশা পূরণে সরকার তার অঙ্গীকার থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
জামায়াত আমির বলেন, জাতীয় ঐকমত্য কমিশনে কয়েক মাস ধরে ৩৩টি রাজনৈতিক দল আলোচনা করেছে। সে আলোচনার ভিত্তিতেই জুলাই জাতীয় সনদ প্রণীত হয়। ঐকমত্যের অংশ হিসেবে দু’টি নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত হয়েছিল- একটি সরকার গঠনের জন্য, অন্যটি রাষ্ট্র সংস্কারের সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পর ক্ষমতাসীন দল একটি সিদ্ধান্ত গ্রহণ করলেও অন্যটি প্রত্যাখ্যান করেছে।
ডা. শফিক বলেন, ‘তারা জাতির কাছে সুস্পষ্ট অঙ্গীকার করেছিল। কিন্তু পরে সে অঙ্গীকার ভঙ্গ করেছে। জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা এ বিশ্বাসঘাতকতা মেনে নেব না, জাতিও মেনে নেবে না। আপনারা জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছেন, তা পূরণ করতে হবে।’
গণভোটের রায় উপেক্ষার অভিযোগ : গণভোটের রায় উপেক্ষা করে সংবিধান সংশোধনের উদ্যোগেরও সমালোচনা করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ ভোটারের সমর্থন পাওয়া সিদ্ধান্ত কোনোভাবেই উপেক্ষা করা যায় না। তার অভিযোগ, জনগণের রায়কে পাস কাটিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হলে তা জনগণের প্রতি অবমাননা এবং নির্বাচনী ব্যবস্থার ওপর মানুষের আস্থাকে দুর্বল করবে।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেন, আগামী দিনের বিপ্লব হলে সেটি হবে ইসলামী বিপ্লব।
দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, তরুণ সমাজকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, ছিনতাই, কিশোর গ্যাং ও মাদকের দিকে ঠেলে দিয়ে জাতি গঠনের মূলশক্তিকে ধ্বংস করা হচ্ছে। জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার দেশকে নতুন সঙ্কটের দিকে ঠেলে দিচ্ছে। তার ভাষায়, সরকার একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে এগিয়ে যেতে চাচ্ছে। 
সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি বলেন, বাংলাদেশকে ন্যায় ও ইনসাফপূর্ণ, আধুনিক, মানবিক ও শান্তির দেশ হিসেবে গড়ে তুলতে চায় জামায়াত। একই সাথে দেশকে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে কারসাজি ও ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জামায়াতের বিজয় ছিনিয়ে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি বলেন, যুবসমাজের অন্যতম বড় সমস্যা নৈতিকতা ও চারিত্রিক অবক্ষয়। পাশাপাশি কর্মসংস্থানও তাদের জন্য বড় চ্যালেঞ্জ। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তুলতে হবে।
ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, দেশে বর্তমানে নানা সঙ্কট বিরাজ করছে। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের নিরাপত্তা বিঘিœত হচ্ছে এবং সরকার কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে। শেখ হাসিনা দিল্লিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও অভিযোগ করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বলেন, ফ্যাসিবাদের দোসররা নতুন করে ষড়যন্ত্র ও চক্রান্ত করছে। সরকারের ব্যর্থতার কারণে তারা এ সুযোগ পাচ্ছে। তিনি শেখ হাসিনার রায় কার্যকর এবং তার দোসরদের বিচারের দাবি জানান।
সম্মেলনে সভাপতির বক্তব্যে কেন্দ্রীয় যুব বিভাগের সভাপতি ও সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত ফ্যাসিবাদী শাসনের কবলে পড়ে বাংলাদেশের রাজনীতি গভীর অন্ধকারে চলে গিয়েছিল। জামায়াতে ইসলামী অন্যায়ের সাথে আপস করেনি। আগামীর বাংলাদেশ গঠনে যুব ও তরুণদের যোগ্য, দক্ষ, সাহসী ও মেধাবী নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে কাজ করছে দলটি।
এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনিরসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা বক্তব্য দেন।
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি মঞ্জুরুল ইসলাম ভূঁইয়ার সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মুহাম্মদ জাহিদুর রহমান, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন, মেহেরপুর জেলা আমির ও সংসদ সদস্য মাওলানা মো: তাজ উদ্দিন খান, সংসদ সদস্য মো: কামাল হোসেন, ডা. মো: ফখরুদ্দিন মানিক, মো: ইয়াসিন আরাফাত, ড. মো: মোবারক হোসাইন, সৈয়দ জয়নুল আবেদীন, কর্নেল আবদুল বাতেন, ব্যারিস্টার আহমদ বিন কাসেম আরমান, মঞ্জুরুল হক রাহাত, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী আবু সাদিক কায়েম, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।