
ইটনা (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কিশোরগঞ্জের ইটনায় রাতের আঁধারে এক কৃষকের ক্ষীরা ক্ষেতের সব চারা উপড়ে ফেলেছে দুর্বৃত্তরা। এতে দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক নজরুল মিয়া। গত শুক্রবার সকালে উপজেলার রায়টুটি ইউনিয়নের উত্তর রাজি গ্রামে এ ঘটনা ঘটে। জমিতে গিয়ে উপড়ে ফেলা চারাগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন কৃষক নজরুল।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল মিয়া অন্যের ৩০ শতাংশ জমি বর্গা নিয়ে খিরার চাষ করেছিলেন। নিজের সঞ্চয়ের পাশাপাশি ধারদেনা করে চাষাবাদে বিনিয়োগ করেন তিনি। গাছগুলোও ভালোভাবে বেড়ে উঠছিল। ফসল বিক্রি করে সংসারের অভাব দূর করার পাশাপাশি সন্তানদের লেখাপড়ার খরচ জোগানোর স্বপ্ন ছিল তার। কিন্তু দুর্বৃত্তদের এমন কাণ্ডে সব শেষ হয়ে গেল তার।
নজরুল মিয়া জানান, সকালে চাচাতো ভাইয়ের ফোন পেয়ে জমিতে গিয়ে দেখেন, কে বা কারা রাতের আঁধারে এসে সব চারা উপড়ে ফেলেছে। তিনি বলেন, অনেক আশা নিয়ে চাষাবাদ করেছিলাম। এখন কিভাবে এ ক্ষতি পুষিয়ে নেব, বুঝতে পারছি না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








