নরসিংদীতে তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

 নরসিংদী প্রতিনিধি  

Advertisement

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে আগুনে পুড়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসাইল রেলগেট এলাকার একটি বিদ্যুতের খুঁটিতে আগুন ধরতে দেখে স্থানীয়রা। পরে খুঁটিটির কাছে গিয়ে নিচে এক যুবকের পুড়ে যাওয়া লাশ পড়ে থাকতে দেখেন তারা। তাদের ধারণা নিহত যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকায় তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায় ও অজ্ঞাতপরিচয় এই যুবকের মৃত্যু হয়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।