
কামাল হোসেন ভূঞাপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের ভূঞাপুরে বিশেষ চাহিদাসম্পন্ন আট শিশুর সহায়ক উপকরণ কেনার জন্য সরকারি বরাদ্দের ৫০ হাজার টাকা উত্তোলন করা হলেও তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা: আক্তার বানুর বিরুদ্ধে। ২০২৫-২৬ অর্থবছরে বরাদ্দ করা এ অর্থ উত্তোলনের পরও শিশুরা হুইলচেয়ার, চশমা, শ্রবণযন্ত্র, ক্রাচ কিংবা প্রয়োজনীয় ওষুধ পায়নি। এতে বরাদ্দের অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট শিক্ষক ও অভিভাবকরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়ক উপকরণ সরবরাহের জন্য ২০২৫-২৬ অর্থবছরে ভূঞাপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আট শিশুর তালিকা পাঠানো হয়। তাদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়। নিয়ম অনুযায়ী, গত জুনের মধ্যে অর্থ উত্তোলন করে শিক্ষার্থীদের প্রয়োজন অনুসারে উপকরণ বিতরণের কথা ছিল। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তা বিতরণ করা হয়নি বলে অভিযোগ রয়েছে।
গত ১১ অক্টোবর সরেজমিন তালিকাভুক্ত শিশুদের পরিবারের সাথে কথা বলে জানা যায়, তারা কেউই সরকারি বরাদ্দের কোনো উপকরণ কিংবা অর্থ পায়নি। তালিকাভুক্ত শিশুদের অনেকের পরিবারই আর্থিক সঙ্কটে রয়েছে।
চর অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দৃষ্টিপ্রতিবন্ধী দুই বোন তানিয়া ও সোনিয়াকে নিয়ে চরম দুর্ভোগে রয়েছেন তাদের বাবা রফিকুল ইসলাম। তিনিও দৃষ্টিপ্রতিবন্ধী। অভাব-অনটনের মধ্যে চলছে তাদের সংসার।
একই বিদ্যালয়ের বাকপ্রতিবন্ধী শিক্ষার্থী সুবর্ণা আক্তারের বাবা আতিকুর রহমান আট মাস আগে সৌদি আরবে মারা যান। অর্থাভাবে তার লাশও দেশে আনা সম্ভব হয়নি। তিন মেয়েকে নিয়ে অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সুবর্ণার মা।
অন্যদিকে, ভারই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শারীরিক প্রতিবন্ধী শিক্ষার্থী রাজিনের বাবাও মারা গেছেন। মাকে নিয়ে অভাবের মধ্যে দিন কাটছে তার। এসব পরিবারের অভিযোগ, সরকারি সহায়তা পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা পৌঁছায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, তারা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের তালিকা উপজেলা শিক্ষা অফিসে পাঠিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত কোনো শিক্ষার্থী সহায়ক উপকরণ পায়নি।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোছা: আক্তার বানু বলেন, সুযোগ বুঝে শিক্ষার্থীদের মধ্যে উপকরণগুলো বিতরণ করা হবে।
এদিকে, এর আগেও উপজেলার ১০টি বিদ্যালয়ের স্কুল উন্নয়ন কার্যক্রমে দুই লাখ টাকা করে বরাদ্দ দেয়া হয়েছিল। ওই অর্থের ব্যবস্থাপনা নিয়েও শিক্ষা কর্মকর্তা আক্তার বানুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য বরাদ্দ করা অর্থ কেন নির্ধারিত সময়ে বিতরণ করা হয়নি এবং অর্থের বর্তমান অবস্থান কী, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








