
কুলাউড়া (মৌলভীবাজার) সংবাদদাতা
মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর ওপর ৩৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত রাজাপুর সেতু পাঁচ বছরেও চালু করা যায়নি। সেতুর দুই পাশের সংযোগ সড়ক নির্মাণ শেষ না হওয়ায় ভোগান্তিতে রয়েছেন কয়েকটি গ্রামের মানুষ। এদিকে ৩৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়কের কাজ ছয় মাস ধরে বন্ধ রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠান জামিল ইকবালের কার্যাদেশ বাতিলের পাশাপাশি তিন কোটি টাকা জরিমানা করা হয়েছে।
সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, ২০১৮ সালে রাজাপুর পিসি গার্ডার সেতু নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ২০২১ সালের জুনে ৩৪ কোটি টাকা ব্যয়ে সেতুর নির্মাণকাজ শেষ করে যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান জন্মভূমি-ওয়াহিদুজ্জামান। অন্যদিকে, ২০২০ সালে প্রায় ৩৮ কোটি টাকা ব্যয়ে সেতুর দুই পাশে সাড়ে সাত কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের কার্যাদেশ পায় জামিল ইকবাল। চুক্তি অনুযায়ী ২০২২ সালের এপ্রিলের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও ভূমি অধিগ্রহণসহ নানা জটিলতায় তিন দফা মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০২৬ সালের জুন পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও কাজ শেষ করতে পারেনি প্রতিষ্ঠানটি। দীর্ঘ ছয় মাস ধরে কাজ বন্ধ থাকায় দুর্ভোগ বেড়েছে স্থানীয়দের। বিশেষ করে রোগী, শিক্ষার্থী ও সাধারণ যাত্রীদের চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। অতিরিক্ত ভাড়াও গুনতে হচ্ছে তাদের। স্থানীয় বাসিন্দা বুরহান উদ্দিন বলেন, সেতু নির্মাণ হলেও সংযোগ সড়ক বেহাল থাকায় এলাকাবাসীর কোনো উপকার হচ্ছে না। দ্রুত অসমাপ্ত কাজ শেষ করার দাবি জানান তিনি। মৌলভীবাজার সওজের উপসহকারী প্রকৌশলী আল-আমিন বলেন, ‘কাজ বন্ধ রাখায় ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার চিঠি দেয়া হলেও কোনো জবাব পাওয়া যায়নি। পরে কার্যাদেশ বাতিলের সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিন কোটি টাকা জরিমানাসহ কার্যাদেশ বাতিল করা হয়েছে। প্রকল্পের কাজের অগ্রগতি বর্তমানে ৫১ শতাংশ।’ সওজের নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম জানান, নির্ধারিত সময়ে কাজ শেষ না করা ও গাফিলতির কারণে এ ব্যবস্থা নেয়া হয়েছে। কুলাউড়া ইউএনও সানজিদা আক্তার বলেন, ‘সওজ বিভাগ পুনরায় দরপত্র আহ্বান করে কাজ শুরু করবে বলে জানিয়েছে।’
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








