
নড়াইল প্রতিনিধি
‘ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই’ স্লোগানে নড়াইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ নভেম্বর) ভিক্টোরিয়া সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা, বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।
ভিক্টোরিয়া স্পেশালাইজড হাসপাতাল চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এস এম আব্দুল হক।
সভাপতির বক্তব্যে নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আ ফ ম মশিউর রহমান বাবু বলেন, ‘ডায়াবেটিস ঘুণেধরা ফার্নিচারের মতো। কাঠের আসবাব ঘুণে ধরলে যেমন ভেতর থেকে নষ্ট হয়ে যায়, তেমনি ডায়াবেটিস শরীরকে ধীরে ধীরে বিভিন্ন জটিলতায় আক্রান্ত করে।’ তাই নিয়মিত পরীক্ষা, চিকিৎসকের পরামর্শ ও ওষুধ সেবনের মাধ্যমে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের সভাপতি ডা. দীপ বিশ্বাস সুদীপ। বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট মাহবুব মুর্শেদ জাপল, হেমায়েতুল হক হিমু, তারিকুজ্জামান লিটু, এম এম মাহবুবুর রশিদ লাবলুসহ স্থানীয় বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








