বগুড়ায় শ্রেণিকক্ষ সঙ্কটে শহীদ মিনারের বেদিতে পাঠদান
শহীদ মিনারের বেদিতে শিক্ষার্থীদের পাঠদান চলছে : নয়া দিগন্ত।

মিনাজুল ইসলাম মিজান সোনাতলা (বগুড়া)

Advertisement

বগুড়ার সোনাতলা পৌর এলাকার নিত্যানন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সঙ্কটে শহীদ মিনারের বেদিতে বসে ক্লাস করছে শিক্ষার্থীরা। গাছের নিচে ও খোলা আকাশের নিচে পাঠদান করতে গিয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষার পরিবেশ। এ অবস্থায় ওই বিদ্যালয়ে শিক্ষার্থী কমতে শুরু করেছে বলে সংশ্লিষ্টরা জানান। অথচ বিদ্যালয়ের সামনে রয়েছে একটি বড় ও আধুনিক ওয়াশ ব্লক।
সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা শহীদ মিনারের বেদিতে ও পাশে বেঞ্চ পেতে ক্লাস করছে। শিক্ষক নিজেও সেখানে বসে পাঠদান করছেন। শহীদ মিনারের পাশের সড়ক দিয়ে চলাচল করছে বিভিন্ন যানবাহন। যানবাহনের শব্দ ও পথচারীদের চলাচলের কারণে পাঠদানে বিঘœ ঘটছে। এমন পরিবেশে শিক্ষার্থীদের পাঠ গ্রহণের মান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০১৩ সালে জাতীয়করণ করা হয়। ১৯৯১ সালে ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের অর্থায়নে নির্মিত একতলা ভবনটি বর্তমানে জরাজীর্ণ। ছাদের পলেস্তারা খুলে পড়ার আশঙ্কা রয়েছে। বিদ্যালয়ের পুরনো ভবনে সিঁড়িঘরসহ মোট চারটি ছোট-বড় কক্ষ রয়েছে। এর একটি অফিস হিসেবে ব্যবহৃত হওয়ায় বাকি তিনটি কক্ষে শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পাঠদান করা সম্ভব হচ্ছে না। স্থানীয় জরিপ অনুযায়ী, বিদ্যালয়ে ভর্তির উপযোগী এলাকার শতাধিক শিশুই এখানে পড়াশোনা করছে। পাঁচটি সহকারী শিক্ষকের পদের মধ্যে একটি শূন্য রয়েছে। নৈশপ্রহরী না থাকায় মাঝেমধ্যে বিদ্যালয়ের মূল্যবান সামগ্রী চুরির ঘটনাও ঘটছে। এত প্রতিকূলতার মধ্যেও বিদ্যালয়ের পরীক্ষার ফলাফল সন্তোষজনক বলে জানায় স্থানীয়রা।
অভিভাবক সাহেনা বেগম বলেন, দীর্ঘদিন ধরে শ্রেণিকক্ষের সঙ্কট চলছে। সন্তানদের গাছের নিচে বসে ক্লাস করতে হচ্ছে। নতুন ভবন নির্মাণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিভাবক সদস্য আলমগীর হোসেন রাঙা বলেন, পৌর এলাকার একটি বিদ্যালয়ের এমন অবস্থা দুঃখজনক। আশপাশের অনেক বিদ্যালয়ে ভবন থাকলেও শিক্ষার্থী কম। অথচ এখানে পর্যাপ্ত শিক্ষার্থী থাকা সত্ত্বেও শ্রেণিকক্ষ নেই। দ্রুত নতুন ভবন নির্মাণ প্রয়োজন।
প্রধান শিক্ষক মো: নুরুন্নবী বলেন, সোনাতলা উপজেলার সবচেয়ে অবহেলিত বিদ্যালয়গুলোর একটি এটি। শ্রেণিকক্ষের অভাবে বাধ্য হয়ে শহীদ মিনারের বেদিতে পাঠদান করতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
উপজেলা শিক্ষা কর্মকর্তা ইতিয়ারা খাতুন বলেন, নিত্যানন্দনপুরসহ উপজেলার কয়েকটি বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের চাহিদাপত্র আগেই পাঠানো হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামাণিক বলেন, বিষয়টি দুঃখজনক। নতুন ভবন নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ জানানো হবে।