
দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
দাউদকান্দি নৌবন্দর দক্ষিণ-পূর্বাঞ্চলের উন্নয়নে নতুন দ্বার উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। শনিবার সকালে বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো: মুহিদুল ইসলামের নেতৃত্বে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল দাউদকান্দিতে প্রস্তাবিত আধুনিক নৌবন্দর ও গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মাণের প্রকল্প এলাকা পরিদর্শনে গেলে তিনি এ কথা বলেন। খন্দকার মারুফ বলেন, ‘এ নৌবন্দর চালু হলে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য, পণ্য পরিবহন ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। জাতীয় অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে। পাশাপাশি গোমতী নদীর তীরে ইকোপার্ক নির্মিত হলে কুমিল্লাসহ আশপাশের জেলার মানুষের বিনোদন এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখবে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার দেশ ও জনগণের উন্নয়নে কাজ করে যাচ্ছে। উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি। এ জন্য দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। প্রতিনিধিদল নদীর নাব্যতা, অবকাঠামোগত সুবিধা ও যোগাযোগব্যবস্থা সরেজমিন পর্যবেক্ষণ করে। এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








