কালীগঞ্জ কলেজের সংস্কারকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

Advertisement

ঝিনাইদহের কালীগঞ্জ সরকারি মাহতাব উদ্দিন ডিগ্রি কলেজের সংস্কারকাজে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ উঠেছে। শিক্ষা প্রকৌশল অধিদফতরের অধীনে প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে চলমান এ কাজে নির্ধারিত শিডিউল অনুসরণ করা হচ্ছে না বলে অভিযোগ কলেজ কর্তৃপক্ষের।
জানা গেছে, ‘সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের মেরামত ও সংস্কারকাজ’ প্রকল্পের আওতায় মেসার্স আনোয়ার এন্টারপ্রাইজ কাজটি বাস্তবায়ন করছে। বর্তমানে কলেজের অ্যাকাডেমিক ভবন ও পুরনো অনার্স ভবনের সংস্কারকাজ চলছে।
অভিযোগ রয়েছে, শিডিউলে নতুন ইট ব্যবহারের নির্দেশনা থাকলেও পুরনো ইট ও ইটের টুকরা দিয়ে মেঝেতে সলিং করা হচ্ছে। যথাযথভাবে মেঝে প্রস্তুত না করেই টাইলস বসানো, নিম্নমানের বালু দিয়ে পাতলা প্লাস্টার এবং পুরনো ও মরিচাধরা রড ব্যবহার করা হচ্ছে। কলেজ কর্তৃপক্ষ একাধিকবার আপত্তি জানালেও কাজের মানে পরিবর্তন আসেনি।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাজ্জাদ হোসেন বলেন, ঠিকাদারকে বারবার নিষেধ করেও লাভ হয়নি। নিম্নমানের কাজের বিষয়টি শিক্ষা প্রকৌশল অধিদফতরকে জানানো হয়েছে।
গতকাল বুধবার সরেজমিন গিয়ে মেঝেতে পুরনো ইট ও ইটের টুকরা ব্যবহার এবং মরিচাধরা রড দিয়ে কাজ করতে দেখা যায়।
শিক্ষা প্রকৌশল অধিদফতরের উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম জানান, সরেজমিন পরিদর্শন করে আপত্তিকর নির্মাণসামগ্রী অপসারণের জন্য ঠিকাদারকে চিঠি দেয়া হয়েছে। শিডিউল অনুযায়ী কাজ নিশ্চিত করা হবে।
অভিযোগ অস্বীকার করে ঠিকাদার জাকির হোসেন বলেন, নিয়ম মেনেই কাজ হচ্ছে। তিনি কয়েক দিন সাইটে না থাকায় শ্রমিকদের মাধ্যমে কিছু অনিয়ম হয়ে থাকতে পারে।
কলেজসংশ্লিষ্টরা সরকারি অর্থের যথাযথ ব্যবহার ও সংস্কারকাজের গুণগত মান নিশ্চিত করতে কার্যকর তদারকির দাবি জানিয়েছেন।