লর্ড হার্ডিঞ্জ ইউপি নির্বাচনে ডজন খানেক সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ

 মাকসুদুর রহমান পারভেজ      লালমোহন (ভোলা) 

Advertisement

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দ্বীপ জেলা  ভোলার  লালমোহনের অন্যান্য ইউনিয়নের মতো ৯ নং লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদের নির্বাচনে প্রার্থী হওয়ার সম্ভাব্য তালিকায় প্রায় ডজন খানেক প্রার্থীর দৌড়ঝাঁপ দেখা  যাচ্ছে।
লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের সর্বশেষ নির্বাচন হয়েছিল ২০১১ সালের ৩১ মার্চ। ওই সময় চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন আওয়ামী লীগের লালমোহন উপজেলা সহসভাপতি মো: আবুল কাশেম মিয়া। তিনি দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে উক্ত ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের দলীয় চেয়ারম্যানরা জুলাই বিপ্লবের পর গা ঢাকা দেয়ায় উপজেলার প্রায় সাতটি ইউনিয়ন পরিষদের দায়িত্বে রয়েছেন উপজেলা প্রশাসক।  
সম্প্রতি নির্বাচনের কথা শোনার পর পরই সম্ভব্য প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন প্রার্থীরা। অনেকে সভা সমাবেশ, মতবিনিময় সভা, শোডাউন ও উঠান বৈঠকের মাধ্যমে তাদের প্রচারণা শুরু করেছেন।  
যদি দলীয় মনোনয়নের সিদ্ধান্ত না থাকে তাহলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তালিকা ভারী হবে বলে একাধিক সূত্রে জানা যায় ।  লর্ড হার্ডিঞ্জ ইউপিতে সম্ভাব্য প্রার্থীরা দলীয় মনোনয়নকে অগ্রাধিকার দিয়ে দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ ইউপিতে চরমোনাই মনোনীত প্রার্থী ইউনিয়ন মুজাহিদ কমিটির সভাপতি মৌলভী মো: ইউসুফ গণসংযোগ করে যাচ্ছেন। ইউনিয়নজুড়ে বিএনপি পরিবারেও বইছে নির্বাচনী আমেজ। সদ্য বাদ যাওয়া সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো: আবুল কাশেম বলেন, নির্বাচনের পরিবেশ ভালো থাকলে তিনি প্রার্থী হবেন। বিএনপির একাধিক সূত্র জানায়, স্থানীয় নির্বাচনে যদি দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নের নিয়ম থাকে তাহলে ঘুরে-ফিরে ত্যাগী নেতাদের মধ্য থেকেই মনোনয়ন দেয়ার বিষয়টি গুরুত্ব দিবে শীর্ষ নেতারা।
কবে থেকে ইউনিয়ন পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে সে দিনক্ষণ নির্ধারিত না হলেও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আনাগোনা লক্ষ করা যাচ্ছে। উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের নির্বাচনী জনপদে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপের গতি বেড়েছে বহুগুনে। ভোটারের চেয়ে নেতাদের কাছে দলীয় মনোনয়ন পেতে প্রার্থীরা নানাভাবে  লবিং শুরু করেছেন। 
প্রার্থী মনোনয়নে তৃণমূলের দাবি গুরুত্ব দিয়ে ত্যাগী, যোগ্য ও জনবান্ধন নেতাকর্মীকেই দলীয় মনোনয়ন দেয়ার দাবি জানিয়েছেন তারা। জানা যায়, ত্যাগীরাই মূল্যায়িত হবেন। লর্ড হার্ডিঞ্জ  ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ইব্রাহিম মিয়া, সাধারণ সম্পাদক মো: ইদ্রিস হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি প্রবীণ রাজনৈতিক মো: আলী হোসেন ডিলার, সাবেক চেয়ারম্যান ও  প্রবীণ রাজনৈতিক মো: মাহমুদুল হক হাওলাদারসহ  বিএনপির হেভিওয়েট বেশ কয়েকজন প্রার্থী মনোনয়ন পেতে তৃণমূলে কাজ করছেন বলে জানা যায়। তবে ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ছাত্রদলের আহ্বায়ক মো: মাকসুদ খাঁন সভা সমাবেশ, উঠান বৈঠক, মতবিনিময় সভা ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী মাঠ দখলে রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলের ১১ দলের প্রধান শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী ভোলা জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো: আলমগীর হোসেন সোহাগকে একক প্রার্থী হিসেবে নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আব্দুল হক। 
স্থানীয় নির্বাচন নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো: মেজবাহ উদ্দিন বলেন, এ উপজেলায়  স্থানীয় নির্বাচন কবে হবে আমরা এখনো কোনো চিঠি পাইনি। ওই ইউনিয়নের সাথে চরফ্যাশন-মনপুরার সীমানা নির্ধারণ নিয়ে বিরোধে জটিলতা না থাকলে লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রথম ধাপে হওয়ার সম্ভাবনা রয়েছে।