
কুমিল্লার দেবিদ্বারে জিপিএ-৫ প্রাপ্ত ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়েছে। মোহাম্মদপুর শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রায় ১৬০ শিক্ষার্থীকে ক্রেস্ট, নগদ অর্থ ও বই উপহার দেয়া হয়। গত শুক্রবার সকালে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদরাসা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মোহাম্মদপুর শিক্ষা স্বাস্থ্য ফাউন্ডেশনের চেয়ারম্যান সোলায়মান কবির মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আতিয়ার রহমান। প্রধান আলোচক ছিলেন কুমিল্লার ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. শফিকুল আলম হেলাল।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আতিয়ার রহমান বলেন, জীবনে সফল হতে হলে সামনে একজন আদর্শ ব্যক্তিত্ব বা আইডল থাকতে হবে।
অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া মোহাম্মদপুর কওমি মাদরাসার প্রতিষ্ঠাতা মো: তাজুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন দেবিদ্বার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো: সাইফুল ইসলাম শহীদ, তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মো: মিজানুর রহমান, দেবিদ্বার হিলফুল ফুযুল ট্রাস্টের ট্রাস্টি সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম এবং মোহাম্মদপুর ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মুফতি মোহাম্মদ মহিউদ্দিন মুন্সী। এতে ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো: জামাল হোসেন ও মো: জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মো: শহীদুল্লাহ ভূঁঁইয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফাউন্ডেশনের সহসাধারণ সম্পাদক মো: জহিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








