আমনের উৎপাদনে খরচ বাড়লেও বাড়েনি দাম
পাবনায় আমন ধান কাটা চলছে পুরোদমে : নয়া দিগন্ত।

শফিউল আযম বেড়া (পাবনা)

Advertisement

পাবনার মাঠে মাঠে পুরোদমে চলছে আমন ধান কাটা ও মাড়াই। অনুকূল আবহাওয়া ও সময়মতো পরিচর্যার কারণে এবার জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। তবে আশাতীত ফলন সত্ত্বেও হাসি নেই কৃষকের মুখে। সার, ডিজেল, কীটনাশক ও শ্রমিক মজুরির মতো কৃষি উপকরণের দাম ব্যাপক হারে বাড়লেও সেই অনুপাতে ধানের বাজারমূল্য বাড়েনি। উল্টো হাট-বাজারে ধান বিক্রি করতে গিয়ে মহাজন ও ফড়িয়াদের চাপে কৃষকদের মণপ্রতি (৪০ কেজি) চার কেজি করে ‘ধলতা’ দিতে হচ্ছে। আগাম দাদনের টাকা পরিশোধ করতে গিয়ে সিন্ডিকেট-নিয়ন্ত্রিত বাজারেই কম দামে ফসল বিক্রি করতে বাধ্য হচ্ছেন প্রান্তিক চাষিরা, যার নেতিবাচক প্রভাব পড়ছে গ্রামীণ অর্থনীতিতে।
কৃষকদের হিসাব অনুযায়ী, প্রতি বিঘা রোপা আমন আবাদে বর্তমানে খরচ হয় প্রায় ১৬ হাজার টাকা। বিঘা প্রতি গড় ফলন হয় ১৫ মণ। স্থানীয় হাট-বাজারে বর্তমান বাজারদর অনুযায়ী মোটা আমন ধান এক হাজার ২০০ থেকে এক হাজার ২৫০ টাকা এবং চিকন আমন ধান এক হাজার ৩০০ থেকে এক হাজার ৩৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১৫ মণ ধান বিক্রি করে গড়ে ১৯ হাজার ৫০০ টাকা পাওয়া গেলেও অন্যান্য খরচ বাদ দিয়ে কৃষকের হাতে কার্যত কোনো লাভ থাকছে না।
ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামের কৃষক রমজান মোল্লা জানান, সেচ খরচ, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বাড়ায় ধান চাষের ব্যয় বহুগুণ বেড়েছে। বর্গাচাষি জালাল খাঁ জানান, উৎপাদন খরচ বৃদ্ধির কারণে লোকসান গুনে তিনি জমি বর্গা নেয়া ছেড়ে দিয়েছেন। সিঅ্যান্ডবি চতুরহাটের কৃষক জাভেদ মিয়া জানান, লিজ নেয়া জমির মালিককে বছরপ্রতি ১৫ হাজার টাকা দেয়ার পর বর্তমান বাজারদরে ধান বিক্রি করে তাকে উল্টো লোকসান গুনতে হয়েছে।
পাবনার অধিকাংশ কৃষক দরিদ্র, প্রান্তিক ও বর্গাচাষি পর্যায়ের। ঋণ বা দাদন নিয়ে ফসল ফলানোর কারণে ফসল ওঠার সাথে সাথেই তা বিক্রি করে দেনা শোধ করতে হয়। এই সুযোগটি নেয় ফড়িয়া, চালকল মালিক ও মজুদদারের সিন্ডিকেট। চতুরহাটের কৃষক আবেদ খা ও জব্বার শেখ জানান, মওসুমের শুরুতে কৃষকের একসাথে ধান বাজারে আনার বাধ্যবাধকতাকে কাজে লাগিয়ে বাজার নিয়ন্ত্রণ করা হয়। কৃষকদের কাছ থেকে প্রতি মণে চার কেজি পর্যন্ত ‘ধলতা’ কেটে রাখা হয়। পরবর্তীতে কৃষকের গোলা শূন্য হলে ধানের দাম বাড়লেও সেই বাড়তি মুনাফার সুফল পান কেবল চালকল মালিক ও মজুদদারেরা।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলায় ৮৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে বিনা-৭, বিনা-৮, বিনা-৪, বিনা-১০, ব্রি-ধান-৩২, ৩৩ বিআর-১১, ব্রি ধান-৪৯, লাল পাইজাম, কালা পাইজাম, স্বর্ণা, ধানী গোল্ড, স্বর্ণা নেপালী, লেমবু ও বিন্নি জাতের আমন ধানের আবাদ হয়েছিল। এর মধ্যে ৫৫ হাজার ৬১৫ হেক্টরে রোপা আমন এবং ৩৩ হাজার ৩৩০ হেক্টরে বোনা আমন। প্রতি হেক্টর রোপা আমনে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ দশমিক ৫০ মেঃ টন হিসেবে এক লাখ ৯৬ হাজার ৫৪৬ মেঃ টন এবং বোনা আমন প্রতি হেক্টরে এক দশমিক ৬৮ মেঃ টন হিসেবে ৫৫ হাজার ৯৯৫ মেঃ টন।
পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক জাহাঙ্গীর আলম প্রামানিক জানান, আবহাওয়া অনুকূল থাকায় ফলন ভালো হয়েছে। তিনি আরো জানান, স্বল্পমেয়াদি ধানের আবাদ বেশি হওয়ায় ধান কাটার পরপরই একই জমিতে সরিষা, রসুন, আলু ও শাকসবজি চাষ করতে পারছেন কৃষকরা, যা কৃষকদের বাড়তি লাভ নিশ্চিত করতে এবং কৃষিতে বৈচিত্র্য আনতে সহায়তা করবে।