
নয়া দিগন্ত ডেস্ক
সাধ আর সাধ্য থাকলে ঠেকায় কে? এমনটাই প্রমাণ করেছেন যুক্তরাষ্ট্রের এক নারী। ৯১ বছর বয়সে প্রথম পাসপোর্ট পেয়ে এ বৃদ্ধা ৯৬ বছর বয়সে সাতটি মহাদেশ ভ্রমণ করে ফেলেছেন। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ৯৬ বছর বয়সী জয় তার নাতি ব্রাড রায়ানের সাথে সাতটি মহাদেশ ভ্রমণের মাধ্যমে এক অনন্য মাইলফলক স্পর্শ করেছেন। ‘গ্র্যান্ডমা জয়’ নামে পরিচিত জয় রায়ান সম্প্রতি অস্ট্রেলিয়া ভ্রমণের মধ্য দিয়ে তার লক্ষ্য পূরণ করেছেন; এর আগে তিনি থাইল্যান্ড ভ্রমণ করেছিলেন। ‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, ৪৫ বছর বয়সী নাতি ব্র্যাড রায়ানের সাথে তার এ ভ্রমণের যাত্রা শুরু হয়েছিল কয়েক বছর আগে, যা তাদের বিশ্বের নানা প্রান্তে নিয়ে গেছে।
এ ভ্রমণের মাধ্যমে জয় ও ব্র্যাড তাদের মধ্যকার সম্পর্ক নতুন করে গড়ে তোলার সুযোগ পেয়েছেন। কারণ এর আগে ১০ বছর তাদের মধ্যে কোনো যোগাযোগ ছিল না। ২০১৫ সালের শরৎকালে ব্র্যাড তার দাদির সাথে যোগাযোগ করেন এবং তাকে ‘গ্রেট স্মোকি মাউন্টেনস’-এ ক্যাম্পিংয়ে যাওয়ার প্রস্তাব দেন।
ব্র্যাড জানতেন যে, জয় আগে কখনো পাহাড় দেখেননি; তাই তিনি তাকে নতুন জায়গা ঘুরে দেখার সুযোগ করে দিতে চেয়েছিলেন। এরপর তাদের ভ্রমণের পরিধি যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যান পর্যন্ত বিস্তৃৃত হয়। ২০২৩ সালের মে মাসে তারা যুক্তরাষ্ট্রের ৬৩টি জাতীয় উদ্যানের শেষটিতেও ভ্রমণ সম্পন্ন করেন। জাতীয় উদ্যানগুলো ঘুরে দেখার পর তাদের ভ্রমণের যাত্রা বিশ্বের অন্যান্য প্রান্তে ছড়িয়ে পড়ে। ৯১ বছর বয়সে জয় তার প্রথম পাসপোর্ট পান, যা তাদের আন্তর্জাতিক ভ্রমণের সুযোগ করে দেয়।
তারা কেনিয়া ও আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। কেনিয়ায় তারা হাতি দেখেছেন এবং আয়ারল্যান্ডে ঐতিহাসিক দুর্গগুলো ঘুরে দেখেছেন। সম্প্রতি থাইল্যান্ড সফরের সময় তারা বৌদ্ধ ভিক্ষুদের সাথে কথা বলেছেন এবং বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








