উচ্চ শব্দ ঘুমের মধ্যেও হৃদরোগের ঝুঁকি বাড়ায়

ট্রেন, বিমান এবং বিভিন্ন যানবাহন মানুষের হৃদস্বাস্থ্যের জন্য দীর্ঘমেয়াদি ঝুঁঁকির কারণ হতে পারে। যানবাহনের উচ্চমাত্রার শব্দ যখন মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক এবং হৃদরোগের ঝুঁঁকি বাড়িয়ে দেয়। গবেষকরা দেখেছেন যে, এ শব্দ তাদের হৃদস্বাস্থ্যের জন্যও ঝুঁঁকিপূর্ণ, যাদের ঘুমের ওপর আপাতদৃষ্টিতে এ শব্দের কোনো প্রভাব পড়ে না বলে মনে হয়।
বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের ইন্টারনাল মেডিসিন বিভাগের রেসিডেন্ট ফিজিশিয়ান এবং প্রধান গবেষক ড. জোসেফ এনগুয়েন বলেছেন, আমরা ধারণা করেছিলাম যে, ঘুমের ব্যাঘাত ঘটার বিষয়টি শব্দ দূষণ এবং হৃদরোগের মধ্যকার সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। তবে এটি আশ্চর্যজনক যে, ঘুমের স্বাস্থ্যের এখানে কোনো ভূমিকা আছে বলে মনে হয়নি।
গবেষকরা এক লাখেরও বেশি প্রাপ্তবয়স্ক মানুষের চিকিৎসা-সংক্রান্ত নথিপত্র এবং জীবনযাত্রার তথ্য বিশ্লেষণ করেছেন। যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগের একটি সরঞ্জামের মাধ্যমে প্রতিটি ব্যক্তি গাড়ি, ট্রাক, বাস, বিমান এবং ট্রেনের কারণে প্রতিদিন গড়ে কী পরিমাণ শব্দের সম্মুখীন হন, তা নির্ণয় করা হয়েছে। গবেষক দল বিশেষভাবে ৪৫ থেকে ৫০ ডেসিবেলের বেশি গড় শব্দের মাত্রা পরীক্ষা করেছেন, যা অনেকটা সাধারণ বৃষ্টিপাত বা কিবোর্ডে টাইপ করার শব্দের সমান। এ গড় শব্দের মাত্রা আসলে শব্দ দূষণের প্রকৃত তীব্রতার চেয়েও কম। সর্বোচ্চ শব্দের মাত্রা এর চেয়ে অনেক বেশি হতে পারে। উদাহরণস্বরূপ সাবওয়ে স্টেশনগুলোতে স্বাভাবিক অবস্থায় গড় শব্দের মাত্রা প্রায় ৭৫ ডেসিবেল থাকে, কিন্তু ট্রেন আসা বা যাওয়ার সময় তা ১০০ ডেসিবেলেরও বেশি হতে পারে।
গবেষণায় দেখা গেছে, অংশগ্রহণকারীদের প্রায় এক-তৃতীয়াংশ ৫০ ডেসিবেলের বেশি তীব্রতার যানবাহনজনিত শব্দের সম্মুখীন হন এবং ৫৫ শতাংশ মানুষ ৪৫ ডেসিবেলের বেশি তীব্রতার শব্দের সংস্পর্শে থাকেন। ফলাফলে দেখা গেছে, ৫০ ডেসিবেলের বেশি পরিবহনজনিত শব্দের সংস্পর্শে থাকলে হৃদরোগের ঝুঁঁকির কারণগুলো- যেমন উচ্চ কোলেস্টেরল, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস-৮% থেকে ১০% পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।
৫০ ডেসিবেলের বেশি শব্দের সংস্পর্শে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোক বা হৃদযন্ত্র-সংক্রান্ত অন্যান্য জরুরি অবস্থার ঝুঁঁকিও বেশি থাকে। যারা রাতে সাত থেকে ৯ ঘণ্টা পর্যাপ্ত ও স্বাস্থ্যকর ঘুম পান এবং যাদের ঘুমের সমস্যা (স্লিপ ডিসঅর্ডার) রয়েছে- উভয় দলের ক্ষেত্রেই শব্দ এবং হৃদস্বাস্থ্যের মধ্যে একই ধরনের সম্পর্ক পরিলক্ষিত হয়েছে।
এনগুয়েন পরামর্শ দেন, যারা অতিরিক্ত শব্দের মধ্যে থাকেন, তাদের উচিত শব্দ কমানোর উপায়গুলো বিবেচনা করা। যেমন- বাড়িতে মোটা দেয়াল, জানালা ও দরজা লাগানো; শোবার ঘরটিকে বাড়ির সবচেয়ে শান্ত অংশে রাখা; শব্দ শুষে নেয়ার জন্য আঙিনায় ঘন গাছপালা লাগানো এবং ঘুমানোর সময় ইয়ারপ্লাগ ব্যবহার করা। - ইন্টারনেট।