
দ্য হিন্দু
ভারতের মণিপুর রাজ্যের উখরুল জেলায় ২০২ নম্বর জাতীয় সড়কে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে মা ও ছেলেসহ চারজন নাগা বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। শুক্রবার বেলা ১টার দিকে জেলার নিউ হেভেন এলাকায় একটি হ্যাচব্যাক গাড়ি ও একটি পিকআপ ভ্যানে অতর্কিত এই হামলা চালানো হয়।
হামলার ঘটনাস্থলটি উখরুল শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে এবং লিটান থেকে ছয় কিলোমিটার আগে অবস্থিত। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া কুকি ও নাগা সম্প্রদায়ের চলমান সঙ্ঘাতের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত লিটান এলাকার পাশেই এই হত্যাকাণ্ড ঘটল।
মণিপুর পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, দুর্বৃত্তরা দু’টি গাড়ি লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই ওই চারজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিরা হলেন- উখরুল জেলার শাংশাক গ্রামের বাসিন্দা কাপাংখুই আরএস ও তার ছেলে হাওলেইলা আরএস এবং একই জেলার তাশার গ্রামের বাসিন্দা খানমিলা কেইসিং ও অগাস্ট নাগালুং। পুলিশের বিবৃতিতে আরো বলা হয়, এলাকার নিরাপত্তা জোরদার করতে এবং যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে মণিপুর পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ), সেনাবাহিনী এবং আসাম রাইফেলসের সমন্বয়ে গঠিত অতিরিক্ত যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে ঘটনাস্থল ও এর আশপাশের এলাকায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। কর্মকর্তাদের তথ্যমতে, একটি কুকি সংগঠনের আরোপিত অবরোধের কারণে গত আগস্ট পর্যন্ত এই মহাসড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে লিটান থেকে ইম্ফল ও উখরুলের মধ্যে উভয় দিকে যাতায়াতকারী যানবাহনগুলোকে সরকারি নিরাপত্তা এসকর্ট দিয়ে পার করা হয়।
উল্লেখ্য, নাগা অধ্যুষিত উখরুল জেলার পার্শ্ববর্তী কুকি অধ্যুষিত কাংপোকপি জেলায় একই ধরনের বন্দুক হামলায় এক কুকি নারী নিহত এবং দু’জন কুকি পুরুষ আহত হওয়ার ঠিক এক দিন পর শুক্রবারের এই ঘটনা ঘটল। এই হত্যাকাণ্ডের পেছনে কুকি সশস্ত্র গোষ্ঠীর হাত রয়েছে বলে নাগা সংগঠনগুলো দাবি করলেও কুকি গোষ্ঠীগুলো নিজেদের সম্পৃক্ততার অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। বরং বেশ কয়েকটি কুকি সুশীল সমাজ সংগঠন এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে মদ্যপ অবস্থায় কথিত এক বিবাদের জেরে মণিপুরে কুকি ও নাগা সম্প্রদায়ের মধ্যে সঙ্ঘাত ছড়িয়ে পড়ে। এরপর থেকে চলমান এই সহিংসতায় এখন পর্যন্ত ৬৫ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








