
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যৌথ অভিযানে শুক্রবার রাত থেকে গতকাল শনিবার পর্যন্ত রাজধানীর উত্তরা, পল্লবী, মোহাম্মদপুর, শান্তিনগর ও লালবাগসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও যুবলীগের একাধিক নেতাকর্মীকে গ্রেফতার ও আটক করা হয়েছে। একই সময়ে মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক সাবেক কাউন্সিলরের ফার্মেসিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
শান্তিনগরে সাবেক ছাত্রলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ : ঢাকার শান্তিনগর এলাকা থেকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী মহিউদ্দিন আহমেদ রুদ্রকে আটক করে পল্টন থানায় সোপর্দ করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন ও তার সমর্থকরা। শুক্রবার রাত ১১টার দিকে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।
উত্তরায় ছাত্রলীগের সাবেক নেতা ওমর ছানি গ্রেফতার : শুক্রবার রাতে রাজধানীর উত্তরা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সহসভাপতি মো: ওমর ছানিকে (২৭) গ্রেফতার করেছে ডিএমপির উত্তরা পশ্চিম থানা পুলিশ। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মো: আকতার হোসেন জানান, গ্রেফতার ওমর ছানি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
পল্লবীতে উসকানিমূলক লিফলেটসহ গ্রেফতার ৪ : পল্লবী সেকশন-১২ এর সি-ব্লক এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা একত্রিত হয়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির উদ্দেশ্যে লিফলেট বিতরণ ও বিদ্বেষপূর্ণ প্রচার চালাচ্ছিল। সেখান থেকে তিনজনকে আটক করা হয় এবং পরে রাত ৩টার দিকে আজিজ মার্কেটের একটি বাসা থেকে আওয়ামী লীগের বনানী উত্তর ইউনিটের সহসভাপতি মো: আব্দুস সবুরসহ (৫৫) গ্রেফতার করে পুলিশ। তাদের কাছ থেকে লিফলেট জব্দ করা হয়েছে। গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন- মো: নাঈম খান (২৮), মো: মাহাফ (২০) এবং শেখ ইমরান শুভ (৩১)।
মোহাম্মদপুর ও লালবাগে আ’লীগ-যুবলীগ নেতা আটক : মোহাম্মদপুরের বাবর রোডের অনুরাগের গলি এলাকা থেকে ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও বাবর রোড ইউনিটের সাবেক সভাপতি মো: আবুল হোসেনকে (৫০) গ্রেফতার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, তিনি এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও দলীয় মিছিল পরিচালনার উদ্দেশ্যে কেন্দ্রীয় নেতাদের সাথে যোগাযোগ রক্ষা করছিলেন। এ ছাড়া মোহাম্মদপুরে এস এম বাবু নামে অপর এক আওয়ামী লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ করেছে বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।
অন্যদিকে লালবাগ থানার নবাবগঞ্জ বাজার এলাকায় শনিবার রাত ২টার দিকে অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ২৩ নম্বর ওয়ার্ড সদস্য মো: সুমন চৌধুরীকে (৩৬) গ্রেফতার করেছে লালবাগ থানা পুলিশ।
মোহাম্মদপুরে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, ফার্মেসিতে তিন রাউন্ড গুলি : মোহাম্মদপুরে জাতীয় হৃদরোগ হাসপাতালের বিপরীতে ‘অনুরাগ ফার্মেসি’ লক্ষ্য করে দুর্বৃত্তরা তিন রাউন্ড গুলি চালিয়েছে। শুক্রবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। ফার্মেসিটির মালিক ঢাকা উত্তর সিটির সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন অভিযোগ করে বলেন, গত ৬ নভেম্বর তার কাছে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা না দেয়ায় পরপর দুই দিন দোকানের সামনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয় এবং শুক্রবার রাতে হেলমেট ও পাঞ্জাবি পরা এক যুবক পিস্তল বের করে তিন রাউন্ড গুলি চালায় ও ধারালো চাপাতি উঁচিয়ে পালিয়ে যায়। মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো: শরিফ জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি সিসিটিভি ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








