বঙ্গোপসাগরের লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে মঙ্গলবার

নিজস্ব প্রতিবেদক
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ধীরে ধীরে শক্তিশালী হচ্ছে। এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার পর আজ রোববার নিম্নচাপ এবং মঙ্গলবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ে রূপ নিলে এটি দক্ষিণ ও মধ্য বঙ্গোপসাগরের পশ্চিম-মধ্যাঞ্চলের দিকে অবস্থান করতে পারে। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়টির চূড়ান্ত গতিপথ এবং কোথায় আঘাত হানতে পারে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো পূর্বাভাস পাওয়া যায়নি। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় গত শুক্রবার সকালে লঘুচাপটির সৃষ্টি হয়। শনিবার সকাল ৬টার মধ্যে এটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরো উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে শক্তিশালী হতে পারে। এ পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদফতর।
বাংলাদেশের আবহাওয়া অফিস লঘুচাপটি সম্বন্ধে শুধু ‘শক্তিশালী হবে’ এমন তথ্য ছাড়া আর কোনো তথ্য দেয়নি। তবে ভারতের আইএমডি বলেছে, সুস্পষ্ট লঘুচাপটি আগামী মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে সেদিনই সন্ধ্যার দিকে মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। পরবর্তী সময়ে এর শক্তি আরো বাড়ার সম্ভাবনাও রয়েছে।
আইএমডির পূর্বাভাস অনুযায়ী, সোমবার নিম্নচাপে পরিণত হওয়ার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে, যা দমকা হাওয়াসহ ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। মঙ্গলবার গভীর নিম্নচাপের পর্যায়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার হতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার এবং দমকা হাওয়াসহ ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। পরবর্তী সময়ে এর শক্তি আরো বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে আইএমডি।
লঘুচাপটির প্রভাবে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বঙ্গোপসাগরে ঘণ্টায় ৫৫ কিলোমিটার বেগে বাতাস এবং দমকা হাওয়াসহ ৬৫ কিলোমিটার পর্যন্ত বাতাস বয়ে যেতে পারে বলে আইএমডির পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।