
- শ্যামনগরে কাঁকড়ার খামারেই ৬ হাজার নারীর কর্মসংস্থান
- আয় ও সঞ্চয়ের পাশাপাশি সিদ্ধান্ত গ্রহণেও বাড়ছে ভূমিকা
- অক্টোবরে রফতানি হয়েছে ১ লাখ ৭৩ হাজার কেজি কাঁকড়া
উপকূলীয় অঞ্চলে লবণাক্ততা, নদীভাঙন, জলাবদ্ধতা ও ঘূর্ণিঝড়ের ঝুঁকি বাড়ছে। সঙ্কুচিত হচ্ছে প্রচলিত জীবিকার সুযোগ। এমন প্রতিকূলতার মধ্যেও সাতক্ষীরার শ্যামনগরে বদলে যাচ্ছে অনেক পরিবারের অর্থনীতি। এই পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন নারীরা। সবজি চাষ, হাঁস-মুরগি ও গবাদিপশু পালন থেকে শুরু করে মাছ ও কাঁকড়ার খামার- বিভিন্ন কাজে যুক্ত হয়ে তারা পরিবারের আয়ের উৎস হয়ে উঠছেন। সংসারের ব্যয় মেটানো, সন্তানের পড়াশোনা এবং সঞ্চয়েও রাখছেন অবদান। ফলে পারিবারিক আর্থিক সিদ্ধান্ত গ্রহণেও বাড়ছে তাদের অংশগ্রহণ। শ্যামনগরের বিভিন্ন গ্রাম ঘুরে এবং স্থানীয় নারী ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনশুমারি ও গৃহগণনা-২০২২ অনুযায়ী, সাতক্ষীরা জেলায় নারীর সংখ্যা ১১ লাখ ২ হাজার ৬৫৬। জেলার সবচেয়ে বড় উপজেলা শ্যামনগরের মোট জনসংখ্যা তিন লাখ ৬৫ হাজার ৯৫৩। এর মধ্যে নারী এক লাখ ৮৩ হাজার ১৫৭ এবং পুরুষ এক লাখ ৮২ হাজার ৭৯৬ জন।
এ অঞ্চলের নারীদের একটি বড় অংশ কৃষি, মাছ ও চিংড়ি চাষ, কাঁকড়া উৎপাদন, গৃহস্থালি উৎপাদন এবং দিনমজুরির সাথে যুক্ত। তবে তাদের অনেকের শ্রম এত দিন আনুষ্ঠানিক কর্মসংস্থানের হিসাবে উঠে আসেনি। এখন এসব কাজের বাণিজ্যিক গুরুত্ব বাড়ায় অর্থনীতিতেও দৃশ্যমান হচ্ছে নারীর অবদান।
কাঁকড়ার খামারে প্রায় ৬ হাজার নারী
শ্যামনগরে নারীদের কর্মসংস্থানের অন্যতম বড় ক্ষেত্র হয়ে উঠেছে সফটশেল বা নরম খোলসের কাঁকড়া চাষ। বুড়িগোয়ালিনী ইউনিয়নের হরিনগর, দুর্গাবাটি ও আশপাশের এলাকায় জলাশয়ে সারি সারি বাক্সে চলছে এ চাষ। খাতসংশ্লিষ্টদের হিসাবে, শ্যামনগরের কাঁকড়া চাষকেন্দ্রগুলোতে প্রায় ১০ হাজার মানুষ কাজ করেন। তাদের প্রায় ৬০ শতাংশ নারী। সে হিসাবে এ খাতে প্রায় ছয় হাজার নারীর কর্মসংস্থান হয়েছে। তবে এটি সংশ্লিষ্টদের দেয়া আনুমানিক হিসাব।
নারীরা মূলত কাঁকড়ার খোলস পরিবর্তনের অবস্থা ও স্বাস্থ্য পরীক্ষা, খাবার দেয়া, বাক্স পরিষ্কার এবং কাঁকড়া সংগ্রহের কাজ করেন। স্থানীয় শ্রমিক শ্যামা দে জানান, এক বছর ধরে তিনি কাঁকড়ার খামারে কাজ করছেন। ঘণ্টায় ৪০ টাকা মজুরিতে মাসে তার মাসিক আয় ১০ থেকে ১২ হাজার টাকা। এ অর্থ দিয়ে সংসারের খরচ মেটানোর পাশাপাশি সন্তানের পড়াশোনায় সহায়তা করছেন।
তবে এ খাতে মজুরি বৈষম্য রয়েছে। একই ধরনের কাজে পুরুষ শ্রমিক দৈনিক ৫০০ টাকা পর্যন্ত পেলেও নারীরা পান ৩৫০ থেকে ৪০০ টাকা। একজন নারী শ্রমিকের মাসিক বেতন সাত হাজার ৫০০ টাকা হলেও একই কাজের পুরুষ সহকর্মী পান ৯ হাজার টাকা। অর্থাৎ কর্মসংস্থান বাড়লেও সমান কাজের সমান মজুরি নিশ্চিত হয়নি।
হাঁস-মুরগি ও গবাদিপশুতে বাড়ছে আয়
কাঁকড়া চাষের পাশাপাশি হাঁস-মুরগি, ছাগল, ভেড়া ও গরু পালন উপকূলীয় নারীদের আয়ের আরেকটি উৎস। বসতভিটার স্বল্প জায়গায় এসব প্রাণী পালন করে অনেক নারী পরিবারের আর্থিক চাহিদা মেটাচ্ছেন। তবে জলাবদ্ধতা, রোগবালাই ও পশুখাদ্যের সঙ্কট এ উদ্যোগে ঝুঁকি তৈরি করছে।
এ পরিস্থিতি বিবেচনায় পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ‘রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভালনারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ’ প্রকল্পের আওতায় ছাগল ও ভেড়া পালনের জন্য উঁচু মাচা বা সø্যাটেড ফ্লোরযুক্ত ঘর নির্মাণে সহায়তা দেয়া হচ্ছে।
পিকেএসএফের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ২০ হাজার ঘর নির্মাণের লক্ষ্যমাত্রার বিপরীতে তৈরি হয়েছে ১০ হাজার ৬১৫টি। এতে জলাবদ্ধতা ও রোগবালাইয়ের ঝুঁকি কমিয়ে পশুপালনের সুযোগ বাড়ছে।
বসতভিটায় সবজি, আয় ও পুষ্টি
লবণাক্ততার কারণে উপকূলের অনেক এলাকায় প্রচলিত কৃষিকাজ কঠিন হয়ে পড়েছে। তবে বাড়ির উঠান, উঁচু বেড ও বস্তায় সবজি চাষ করে নারীরা পরিবারের খাদ্য চাহিদা পূরণের পাশাপাশি উদ্বৃত্ত পণ্য বিক্রি করছেন।
শ্যামনগরের রাবেয়া সুলতানা বসতভিটায় লাউ, পালংশাক, করলা, কুমড়া, শসা, ঢ্যাঁড়স, বরবটি, টমেটো, মরিচ, বেগুন ও পেঁপেসহ বিভিন্ন সবজি চাষ করেন। পরিবারের চাহিদা মেটানোর পর উদ্বৃত্ত সবজি বিক্রি করেন তিনি। দেশী বীজ সংগ্রহ ও সংরক্ষণের পাশাপাশি স্থানীয় নারীদের নিয়ে একটি সংগঠনও গড়ে তুলেছেন।
পিকেএসএফের আরএইচএল প্রকল্পের আওতায় লবণসহিষ্ণু সবজি চাষেও সহায়তা দেয়া হচ্ছে। এ পর্যন্ত ৯ হাজার ৭৭৮ জন সুবিধাভোগীকে সবজি চাষের উপকরণ দেয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছে টমেটো, বেগুন, লালশাক, কলমিশাক ও শালগমের বীজ। পাশাপাশি বস্তায় আদা চাষেও উৎসাহিত করা হচ্ছে।
বদলাচ্ছে সঞ্চয় ও সিদ্ধান্তে নারীর ভূমিকা
নারীর হাতে আয় আসার অর্থ শুধু পরিবারের মোট উপার্জন বাড়া নয়। এর ফলে সংসারের খরচ, সন্তানের শিক্ষা, চিকিৎসা, খাবার এবং ভবিষ্যতের সঞ্চয় নিয়ে সিদ্ধান্তেও তাদের অংশগ্রহণ বাড়ার সুযোগ তৈরি হচ্ছে। জাতিসঙ্ঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) ২১ জুন ২০২৬ প্রকাশিত এক প্রতিবেদনে সাতক্ষীরার বড়দল ইউনিয়নের নারী কৃষকদের অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। সেখানে ছয় নারী লিজ নেয়া জমিতে ফুলকপি, পালংশাক ও মরিচ উৎপাদন করছেন। প্রশিক্ষণ ও ছোট আকারের আর্থিক সহায়তা কাজে লাগিয়ে তারা অব্যবহৃত জমিকে আয় ও খাদ্যনিরাপত্তার উৎসে পরিণত করেছেন।
ইউএনডিপির প্রতিবেদনে বলা হয়েছে, নারীরা আয় করতে পারলে পরিবারের পাশাপাশি পুরো সমাজ উপকৃত হয়। কারণ তাদের উপার্জনের বড় অংশ পরিবারের কল্যাণ, শিশুদের শিক্ষা ও পুষ্টিতে ব্যয় হয়। অর্থাৎ নারীর আয় পরিবারের জীবনমান উন্নয়নের পাশাপাশি পরবর্তী প্রজন্মের সক্ষমতা তৈরিতেও ভূমিকা রাখে। তবে আয় বাড়লেই যে নারীর হাতে সঞ্চয় বা আর্থিক সিদ্ধান্তের পূর্ণ নিয়ন্ত্রণ চলে আসে, তা নয়। পরিবারের অন্য সদস্যদের সাথে আয় ভাগাভাগি, ঋণের কিস্তি, উৎপাদন ব্যয় এবং বাজারে পণ্য বিক্রির সুযোগও গুরুত্বপূর্ণ। তাই নারীর প্রকৃত অর্থনৈতিক ক্ষমতায়ন পরিমাপ করতে হবে তার নিজস্ব আয়, সঞ্চয়ের ওপর নিয়ন্ত্রণ এবং পরিবারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে অংশগ্রহণের ভিত্তিতে।
নারীরাই এখন উদ্যোক্তা
উপকূলের নারীরা কাজের সুযোগ পেলেও তাদের সামনে বাধা কম নয়। কাঁকড়া খামারে মজুরি বৈষম্য, কৃষিপণ্যের বাজারসঙ্কট, পশুখাদ্যের দাম, পুঁজি ও সহজ ঋণের অভাব এবং জলবায়ু দুর্যোগের ঝুঁকি তাদের আয়কে অনিশ্চিত করে তুলছে। উপকূলের নারীরা এখন আর শুধু পরিবারের সঙ্কট সামলাচ্ছেন না। তারা নতুন অর্থনীতিও গড়ে তুলছেন।
শ্যামনগর উপজেলার দাতিনাখালী গ্রামের বাসিন্দা হাওয়া খাতুন জানান, কাঁকড়ার ফলন ভালো হয়। তাই কাঁকড়া চাষ করি। নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের (এনজিএফ’) থেকে প্রশিক্ষণ নেবার পর এখন সেই পদ্ধতিতে চাষ করছি। অনেককেই চাষ করছে, তাদেরটা দেখেই আমরা চিংড়ি চাষ ছেড়ে এই চাষ করি। তিনি বলেন, তিনি একবিঘা জমিতে এই কাঁকড়া চাষ করছেন। নরম খোলসের কাঁকড়া চাষ করছেন অর্জিনা খাতুন। তিনি বলেন, এখন তিনি এই চাষ করে বেশ ভালো আছেন। কাঁকড়া থেকে তার বেশ আয় হচ্ছে। সংসার চলছে।
এনজিএফর কাঁকড়া প্রকল্পের কারিগরি কর্মকর্তা রানা হালদার নয়া দিগন্তকে বলেন, এই প্রকল্পের আওতায় দুই হাজার ২৮০ নারী উদ্যোক্তা বা কাঁকড়া চাষি রয়েছে। আমরা এদেরকে প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দিচ্ছি। তিনি বলেন, এখানে দু’ধরনের কাঁকড়া উৎপাদন করে এই নারী চাষিরা। এক বক্সে কালচার করে ফ্রোজেন ফুড হিসেবে যায়। দ্বিতীয়টি হলো, লাইট কাঁকড়া। যেটাকে বলে কাঁকড়া মোটা তাজাকরণ। গত মাসে এক্সপোর্টাররা এক লাখ ৭৩ হাজার কেজি রফতানি করছে। এগুলো ইউরোপের বিভিন্ন দেশ, অস্ট্রেলিয়া, চীন, ভিয়েতনাম ও জাপানে রফতানি করা হয়।
লবণাক্ত জমিতে নতুন পদ্ধতিতে আদা চাষ
পিকেএসএফর সহযোগী প্রতিষ্ঠান নওয়াবেকী গণমুখী ফাউন্ডেশনের (এনজিএফ) নির্বাহী পরিচালক এম লুৎফর রহমান বলেন, উপকূলীয় লবণাক্ত পরিবেশে ‘আরএইচএল’ প্রকল্প বস্তায় আদা চাষের সূচনা করেছে। এই পদ্ধতিতে বাড়ির আঙিনা, ছাদ, বসতবাড়ির বাগান বা অন্য কোনো অব্যবহৃত জায়গায় প্রথাগতভাবে জমি প্রস্তুত বা চাষাবাদ ছাড়াই আদা ফলানো সম্ভব। এতে খুব কম শ্রমের প্রয়োজন হয় বলে এটি নারীদের জন্য, বিশেষ করে ‘কমিউনিটি ক্লাইমেট অ্যাডাপটেশন গ্রুপ’-এর সদস্যদের জন্য অত্যন্ত সুবিধাজনক। জোয়ারের সময় প্লাবন বা জলাবদ্ধতা থেকে ফসল বাঁচাতে বস্তাগুলোকে সহজেই উঁচু স্থানে সরিয়ে নেয়া যায়। নিয়মিত অল্প পরিমাণে পানি দিলে মাটিতে অতিরিক্ত আর্দ্রতা জমে না, ফলে শিকড় পচে যাওয়ার ঝুঁকি থাকে না। ফসল তোলার সময় কৃষকরা কেবল বস্তাটি খুলে আদা সংগ্রহ করতে পারেন, মাটি খোঁড়ার প্রয়োজন হয় না।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








