রমজানের আগে খেজুরের শুল্ক কমানোর প্রস্তাব

শামছুল ইসলাম
আসন্ন পবিত্র রমজান মাসে খেজুরের সরবরাহ বাড়ানো এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে দাম রাখতে আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রস্তাব আজ মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। একই সাথে মাঠপর্যায়ে ভ্যাট ও রাজস্ব আদায় কার্যক্রম গতিশীল এবং ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের বিষয়টিও বৈঠকে উঠছে। আজ রোববার সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা রয়েছে। 
সংশ্লিষ্ট সূত্র জানায়, মাঠপর্যায়ে রাজস্ব আহরণ বাড়ানো এবং ভ্যাট ব্যবস্থাপনায় আধুনিকায়নের লক্ষ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২’-এর ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে গত ২৮ সেপ্টেম্বর ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়। ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে অধ্যাদেশটিকে আইনে রূপান্তরের জন্য আজকের বৈঠকে উপস্থাপন করা হচ্ছে।
প্রস্তাবিত সংশোধনীতে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি তিন করমেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে ভ্যাট দাখিলপত্র বা রিটার্ন জমা দেয়ার বিধান ছিল। নতুন বিধান অনুযায়ী, প্রতি করমেয়াদ অর্থাৎ প্রতি মাসের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। তবে মাসের ১৫ তারিখ সরকারি ছুটির দিন হলে পরবর্তী প্রথম কর্মদিবসে রিটার্ন জমা দেয়া যাবে।
এ ছাড়া সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারী ব্যক্তি বা প্রতিষ্ঠান করমেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবে।
এ দিকে আসন্ন রমজানে খেজুরের সরবরাহ স্বাভাবিক রাখা এবং বাজারমূল্য সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নেয়া হয়েছে। অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এ-সংক্রান্ত প্রস্তাব প্রস্তুত করেছে। আজকের মন্ত্রিসভায় প্রস্তাবটি উপস্থাপনের কথা রয়েছে।
বাংলাদেশ ফ্রেশ ফ্রন্টস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে বছরে প্রায় এক লাখ থেকে এক লাখ ১০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা থাকে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টন। সাধারণত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, মিসর, জর্দান, ইরাক, ইরান ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি করা হয়।
গত বছরও রমজান শুরুর প্রায় তিন মাস আগে খেজুরের আমদানি শুল্ক ও কর কমানোর উদ্যোগ নেয়া হয়েছিল। এতে আমদানি ব্যয় কমার পাশাপাশি বাজারে খেজুরের দাম স্থিতিশীল রাখতে সহায়তা করে বলে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন।
গত ৩ অক্টোবর ব্যবসায়ীদের সাথে এক বৈঠকে খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির।
বৈঠকে তিনি বলেন, খেজুরের অ্যাসেসমেন্ট ভ্যালু বা শুল্কায়ন মূল্য নির্ধারণের দীর্ঘদিনের জটিলতা নিরসনেও উদ্যোগ নেয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আগামী কয়েক দিনের মধ্যে আমদানিকারকদের সঙ্গে বৈঠক করবে। বৈঠকে বিভিন্ন মান ও গ্রেডের খেজুরের আন্তর্জাতিক উৎসমূল্য যাচাই করে একটি যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের উদ্যোগ নেওয়া হবে। পরে এ-সংক্রান্ত প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে পাঠানো হবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, শুল্কায়ন ব্যবস্থা এমন হতে হবে, যাতে ব্যবসায়ীরা অযৌক্তিক অ্যাসেসমেন্টের শিকার না হন। একই সাথে পণ্যের প্রকৃত মূল্য গোপন করে সরকারের রাজস্ব ফাঁকি দেয়ার সুযোগও রাখা যাবে না। সরকার ও ব্যবসায়ী- উভয় পক্ষকে স্বচ্ছতা ও সততার সাথে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো পক্ষ কারসাজির চেষ্টা করলে পুরো ব্যবস্থার ওপরই আস্থার সঙ্কট সৃষ্টি হয়।
অন্য দিকে খেজুর আমদানিকারকেরা জানান, আন্তর্জাতিক পরিবহন ও বন্দর ব্যবস্থাপনার জটিলতার কারণে আগের তুলনায় খেজুর দেশে পৌঁছাতে বেশি সময় লাগছে। তাই রমজানের আগেই পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে আমদানি শুল্কসংক্রান্ত সিদ্ধান্ত দ্রুত নেয়া প্রয়োজন।
মন্ত্রিসভায় রেল প্রকল্প ও বিশ্বব্যাংক-আইএমএফ বৈঠক
এ দিকে আজকের মন্ত্রিসভা বৈঠকে বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর-ময়মনসিংহ-জামালপুর সেকশনে বিদ্যমান মিটারগেজ রেললাইনের সমান্তরালে একটি ডুয়েলগেজ রেললাইন নির্মাণের প্রস্তাবিত প্রকল্প গ্রহণের বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।
এ ছাড়া গত ১২ থেকে ১৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত বিশ্বব্যাংক গ্রুপ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভা এবং সংশ্লিষ্ট পার্শ্ববৈঠকে অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধিদলের অংশগ্রহণ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হবে।

Advertisement