
মোস্তাফিজুর রহমান সুন্দরবন থেকে ফিরে
পর্যটকদের কাছে সুন্দরবন মানেই বাঘ দেখার প্রত্যাশা, হরিণের পাল, বানরের চঞ্চলতা, নদী-খালের রহস্যময়তা আর বুনো প্রকৃতির সাথে একাত্ম হওয়ার অভিজ্ঞতা। সুন্দরবনের গহিন অরণ্য পেরিয়ে হঠাৎ সামনে খুলে যায় বঙ্গোপসাগরের বিশাল জলরাশি। বাতাসে লবণাক্ততার গন্ধ, ঢেউয়ের গর্জন আর বনভূমির নিস্তব্ধতা- সব মিলিয়ে এক অপার্থিব দৃশ্য। জামতলা বিচে এসে সৌন্দর্যের পাশাপাশি চোখ আটকে যায় প্রকৃতির এক ভয়ঙ্কর ইতিহাসে। উপড়ে যাওয়া গাছের শিকড়, বিধ্বস্ত কাঠামো আর ঘূর্ণিঝড়ের রেখে যাওয়া ক্ষতচিহ্নের সামনে দাঁড়িয়ে পর্যটকরা তুলছেন ছবি, ধারণ করছেন ভিডিও, বানাচ্ছেন রিলস। একসময়ের ধ্বংসযজ্ঞের স্মৃতিই এখন সুন্দরবনের এই বুনো সুন্দরীর নতুন আকর্ষণ।
সুন্দরবনের দক্ষিণ-পূর্বাঞ্চলে কটকার কাছে অবস্থিত জামতলা সমুদ্রসৈকত। সৈকতসংলগ্ন এলাকায় ছোট-বড় অসংখ্য জামগাছ থাকায় জায়গাটির নাম হয়েছে জামতলা। নামের সাথে মিশে আছে এখানকার বনজ প্রকৃতির পরিচয়।
সুন্দরবনের প্রচলিত নদী-খাল আর ঘন ম্যানগ্রোভ অরণ্যের বাইরে জামতলা যেন প্রকৃতির এক ভিন্ন আয়োজন। প্রায় তিন কিলোমিটার বনপথ পেরিয়ে পৌঁছাতে হয় সৈকতে। পথে সুন্দরী, গেওয়া, গরান ও কেওড়ার বন, ফার্নের ঝোপ এবং পর্যবেক্ষণ টাওয়ারের দেখা মেলে।
সৈকতের কালচে বালু, পলি জমে তৈরি ভূদৃশ্য, মৃত গাছের শিকড় ও বঙ্গোপসাগরের উন্মুক্ত জলরাশি জামতলাকে দিয়েছে স্বতন্ত্র বৈশিষ্ট্য। এখানে প্রকৃতির সৌন্দর্য যেন সাজানো নয়; বরং তার নিজস্ব বুনো রূপেই প্রকাশিত।
ঘূর্ণিঝড়ের ক্ষত, পর্যটকের রোমাঞ্চ
জামতলা বিচে এবার দেখা গেল, প্রকৃতির তাণ্ডবের স্মৃতিই পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে। ক্ষতিগ্রস্ত গাছপালা, উপড়ে যাওয়া শিকড় কিংবা বিধ্বস্ত কাঠামোর সামনে দাঁড়িয়ে কেউ ছবি তুলছেন, কেউ মোবাইল ক্যামেরায় ভিডিও ধারণ করছেন। আবার কেউ সেই অভিজ্ঞতা নিয়ে তৈরি করছেন ফেসবুক রিলস কিংবা ভ্রমণ ভিডিও।
পর্যটকদের ক্যামেরায় ধরা পড়ছে এক দিকে বঙ্গোপসাগরের নীল জলরাশি, অন্য দিকে প্রকৃতির বিধ্বংসী শক্তির চিহ্ন। সৌন্দর্য ও ধ্বংসের এই বৈপরীত্যই জামতলার দৃশ্যপটকে দিয়েছে ভিন্ন মাত্রা।
২০০৭ সালের ঘূর্ণিঝড় সিডর এবং ২০০৯ সালের ঘূর্ণিঝড় আইলা সুন্দরবন ও উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছিল। এসব দুর্যোগের অভিঘাত বনাঞ্চলের বিভিন্ন অংশে দৃশ্যমান হয়েছে।
ক্যামেরার ফ্রেমে প্রকৃতির বিধ্বংসী রূপ
জামতলা বিচে পর্যটকদের আগ্রহের একটি বড় অংশ এখন ছবি ও ভিডিও ধারণকে ঘিরে। কেউ ভাঙা গাছের পাশে দাঁড়িয়ে স্মৃতির ছবি তুলছেন, কেউ সঙ্গীদের নিয়ে ভিডিও করছেন। আবার কেউ সমুদ্রের ঢেউ, মৃত গাছ আর বনভূমির দৃশ্য একসাথে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন নিজের ভ্রমণ-অভিজ্ঞতা।
প্রকৃতির ধ্বংসযজ্ঞের সামনে দাঁড়িয়ে মানুষের মনে তৈরি হয় বিস্ময়, ভয়, কৌতূহল ও রোমাঞ্চের মিশ্র অনুভূতি। একসময় যে ধ্বংস ছিল বিপর্যয়ের প্রতীক, আজ সেই দৃশ্যই পর্যটকদের কাছে হয়ে উঠেছে ভ্রমণের বিশেষ মুহূর্ত।
তবে এই আকর্ষণের সাথে রয়েছে এক গভীর উপলব্ধি। সুন্দরবন শুধু দর্শনীয় স্থান নয়; এটি উপকূলীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের অভিঘাত কমাতে ম্যানগ্রোভ বন যে ভূমিকা পালন করে, তা বিভিন্ন দুর্যোগে বারবার প্রমাণিত হয়েছে।
জামতলা ঘুরতে আসা পর্যটক জাকিরুল আমিন রাজিব বলেন, এখানে না এলে বুঝতাম না প্রাকৃতিক দুর্যোগ কমাতে বনভূমি কতটা গুরুত্বপূর্ণ।
নোয়াখালীর আবু বাকের মজুমদার বলেন, সিডর ও আইলা আমাদের মনে এক গভীর ক্ষত তৈরি করেছে; যা মনে করিয়ে দেয় প্রকৃতির কাছে মানুষের অসহায়ত্ব এবং একই সাথে উপকূলীয় মানুষের বেঁচে থাকার অদম্য সংগ্রাম।
বুলবুল নামের একজন ট্যুর গাইড ও জাহাজ মালিক জানালেন, সিডর ও আইলায় সুন্দরবনে দীর্ঘ সময় নোনা পানি আটকে থাকায় খাবার পানির তীব্র সঙ্কট দেখা দেয়। নলকূপগুলো ডুবে যাওয়ায় মানুষ পুকুরের নোনা ও ময়লা পানি পান করতে বাধ্য হয়, যার ফলে ডায়রিয়া ও চর্মরোগ ছড়িয়ে পড়েছিল। জামতলা এসে মানুষ একটি জায়গায় আটকে যায়। তারা এনজয় করে ঠিকই। কিন্তু প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডর কিংবা আইলার এসব ঘটনা তাদের কথায় বারবার উঠে আসে।
জামতলা : সৌন্দর্য, ইতিহাস ও সতর্কবার্তা
জামতলা বিচের সৌন্দর্য তার নিসর্গে, রোমাঞ্চ তার নির্জনতায় আর ইতিহাস তার ক্ষতচিহ্নে। এখানে ভাঙা গাছের শিকড়ও যেন কথা বলে, বিধ্বস্ত ভূমিও শোনায় প্রকৃতির তাণ্ডবের কাহিনী।
পর্যটকের ক্যামেরায় হয়তো ধরা পড়ছে একটি সুন্দর ছবি, একটি রোমাঞ্চকর ভিডিও কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের আকর্ষণীয় রিলস। কিন্তু সেই ছবির পেছনের গল্প আরো গভীর। এটি প্রকৃতির শক্তির গল্প, দুর্যোগের স্মৃতি এবং সুন্দরবনকে রক্ষা করার প্রয়োজনীয়তার গল্প।
জামতলা বিচ তাই শুধু ঘুরে দেখার জায়গা নয়; এটি প্রকৃতির সৌন্দর্য ও ভয়ঙ্করতার মুখোমুখি হওয়ার এক অনন্য অভিজ্ঞতা। এখানে এসে পর্যটকরা যেমন প্রকৃতির বুনো সৌন্দর্যে মুগ্ধ হন, তেমনি উপলব্ধি করেন তার বিধ্বংসী শক্তিও।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








