অন্য দেশের অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেয়ার আশ^াস সৌদি আরবের
সৌদি আরবের জেদ্দায় ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের আগে দেশটির হজ ও ওমরাহ মন্ত্রীর সাথে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) সাথে শুভেচ্ছাবিনিময় করেন।

 নয়া দিগন্ত ডেস্ক
অন্য দেশগুলোর অব্যবহৃত হজ কোটা বাংলাদেশকে দেয়ার বিষয়ে ইতিবাচক আশ^াস দিয়েছে সৌদি আরব। কোনো দেশ নির্ধারিত হজ কোটা পূরণ করতে না পারলে সেই কোটা বাংলাদেশকে বরাদ্দ দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হবে বলে জানিয়েছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ। একইসাথে বাংলাদেশের হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ কিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষরের প্রাক্কালে গত ৯ নভেম্বর সন্ধ্যায় সৌদি আরবের জেদ্দায় অনুষ্ঠিত বাংলাদেশ-সৌদি উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে এ আশ^াস দেয়া হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বৃদ্ধি, হজ ও ওমরাহ পালনকারীদের সুযোগ-সুবিধা বাড়ানো এবং দুই দেশের মধ্যে বিদ্যমান ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরো সুদৃঢ় করার লক্ষ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বাংলাদেশের ধর্মবিষয়ক মন্ত্রী সৌদি আরবের নেতৃত্বের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেন এবং পবিত্র হজ ব্যবস্থাপনায় দেশটির উদ্যোগ ও সেবার প্রশংসা করেন। বাংলাদেশী হজযাত্রীদের জন্য সৌদি সরকারের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে তিনি দুই দেশের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সমন্বয় ও তথ্য বিনিময় আরো জোরদারের ওপর গুরুত্ব দেন।
ধর্মবিষয়ক মন্ত্রী আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আগামী দিনে আরো গভীর ও সুদৃঢ় হবে।
অন্য দিকে সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বাংলাদেশী হজযাত্রীদের জন্য সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার আশ^াস দেন। পাশাপাশি হজসংক্রান্ত বিভিন্ন বিষয়ে বাংলাদেশকে অগ্রাধিকার দেয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকে সৌদি মন্ত্রী বলেন, ‘বাংলাদেশের জন্য যা যা করা প্রয়োজন, আমরা তা করব।’ হজ ব্যবস্থাপনা, ওমরাহ এবং সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে দুই দেশের সহযোগিতা আরো সম্প্রসারণের আগ্রহও জানান তিনি।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অতিরিক্ত সচিব ড. মো: আয়াতুল ইসলাম, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো: দেলোয়ার হোসেন, জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেল মো: সাখাওয়াত হোসেন, কাউন্সিলর (হজ) মো: কামরুল ইসলাম এবং কনসাল (হজ) মো: মাজহারুল ইসলাম।
বৈঠকটি বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের হজযাত্রীদের জন্য অতিরিক্ত সুযোগ সৃষ্টি এবং হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

Advertisement