
বিশেষ সংবাদদাতা
এস আলম গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি থেকে বিপুল অঙ্কের অর্থ বের করে নেয়ার অভিযোগের মধ্যে ব্যাংকটির মূলধন ঘাটতি পূরণে সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগ চাওয়া হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের বৃহত্তম বেসরকারি বাণিজ্যিক ব্যাংকটির ৭৮ দশমিক ৮ শতাংশ মালিকানা সরকারের হাতে চলে যেতে পারে। অথচ ব্যাংকটির মোট শেয়ারের প্রায় ৮২ শতাংশ এস আলম গ্রুপ ও সংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠানের নামে রয়েছে, যা আদালতের নির্দেশে জব্দ করা হয়েছে। এসব শেয়ার ও সংশ্লিষ্ট সম্পদ থেকে অর্থ উদ্ধারের সম্ভাবনা থাকা সত্ত্বেও তা কার্যকরভাবে কাজে লাগানো হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
দেশের বেসরকারি খাতে সর্ববৃহত্তম ব্যাংক ছিল ইসলামী ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের সবধরনের শর্ত পরিপালনে ব্যাংকটি বরাবরই প্রথম কাতারে ছিল। দেশী-বিদেশী বিনিয়োগে শীর্ষ স্থানে ছিল ইসলামী ব্যাংক; কিন্তু এমন একটি ব্যাংক এখন রুগ্ণ অবস্থায় চলে এসেছে। আর এর পেছনে অন্যতম কারণ ছিল বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ও তাদের অন্যতম প্রধান অর্থের জোগানদাতা লুটেরা এস আলম। প্রতিষ্ঠার পর থেকে তিলে তিলে দেশের শীর্ষ স্থানে গড়ে তোলা ব্যাংকটির সুশৃঙ্খল পর্ষদকে রাতের অন্ধকারে বন্দুকের নলের সামনে উচ্ছেদ করে দখল করে নেয় এস আলম। এর পর থেকে পানির মতো জনগণের আমানতের অর্থ ব্যাংক থেকে বের করে নেয়। এভাবে ২০১৭ সালের মে মাসের পর থেকে ২০২৪ সালের আগস্টের আগ পর্যন্ত প্রায় এক লাখ ১৮ হাজার কোটি টাকা বের করে ব্যাংকটিকে চূড়ান্ত ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়। আর এ কারণেই ব্যাংকটির আর্থিক সঙ্কটের চিত্রও এখন ভয়াবহ। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, চলতি বছরের সেপ্টেম্বর শেষে ইসলামী ব্যাংকের মোট ঋণের পরিমাণ ছিল এক লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৬০০ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। একই সময়ে ব্যাংকটির প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে ব্যাংকটি কর-পরবর্তী নিট লোকসান করেছে তিন হাজার ৩০৩ কোটি টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ছিল প্রায় ৭৯ কোটি টাকা।
এ অবস্থায় সরকারি অর্থে ব্যাংকটির মূলধন পুনর্গঠনের প্রস্তাব নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, যাদের বিরুদ্ধে ব্যাংকের অর্থ আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ রয়েছে, তাদের সম্পদ উদ্ধারের উদ্যোগ জোরদার না করে কেন রাষ্ট্রের অর্থ দিয়ে ব্যাংকটির মালিকানা পুনর্বিন্যাসের উদ্যোগ নেয়া হচ্ছে?
ইতোমধ্যে ইসলামী ব্যাংক সরকার অথবা সরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে ছয় হাজার কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগ চেয়েছে। এ অর্থ সংগ্রহের জন্য ১০ টাকা অভিহিত মূল্যের ৬০০ কোটি নতুন সাধারণ শেয়ার প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করার প্রস্তাব দিয়েছে ব্যাংকটি। এতে ব্যাংকটির পরিশোধিত মূলধন এক হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকা থেকে বেড়ে সাত হাজার ৬০৯ কোটি ৯৯ লাখ টাকায় দাঁড়াবে।
গত ৪ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের কাছে জমা দেয়া ‘ক্যাপিটাল রেস্টোরেশন প্ল্যান ২০২৭-২০৩৩’-এ এ প্রস্তাব তুলে ধরে ব্যাংকটি। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট গত ৯ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবের কাছে চিঠি পাঠিয়ে সরকারের মতামত জানতে চেয়েছে। এ বিনিয়োগের মাধ্যমে রাষ্ট্রের মালিকানা প্রায় ৭৮ দশমিক ৮ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ফলে ব্যাংকটি কার্যত রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে চলে যেতে পারে।
২৪ প্রতিষ্ঠানের হাতে ছিল ৮১.৯২ শতাংশ শেয়ার
আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ ও এর স্বার্থসংশ্লিষ্ট ২৪টি প্রতিষ্ঠান ইসলামী ব্যাংকের ১৩১ কোটি ৩৫ লাখ থেকে ১৩১ কোটি ৮৯ লাখ শেয়ার অধিগ্রহণ করে। ব্যাংকটির মোট শেয়ারের ৮১ দশমিক ৫৯ থেকে ৮১ দশমিক ৯২ শতাংশ ছিল এসব প্রতিষ্ঠানের মালিকানায়। অবশিষ্ট ১৮ দশমিক ০৮ থেকে ১৮ দশমিক ৪১ শতাংশ শেয়ার সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে। ২০২৪ সালের ৮ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশে এস আলম গ্রুপের মালিকানায় থাকা ইসলামী ব্যাংকের ১৩১ কোটি ৮৯ লাখ শেয়ার জব্দ বা লক-ইন করা হয়। পরবর্তী সময়ে আদালতের আদেশেও এসব শেয়ারের ওপর জব্দসংক্রান্ত বিধিনিষেধ বহাল রয়েছে। গত বৃহস্পতিবার ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ার মূল্য ছিল ২১ টাকা ৩০ পয়সা। এস আলমের জব্দ শেয়ার বিক্রি করলে প্রায় তিন হাজার কোটি টাকা মূলধন হিসেবে সমন্বয় করা যেত।
ব্যাংকের অর্থেই ব্যাংকের মালিকানা!
এস আলম গ্রুপের বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ও বেনামী প্রতিষ্ঠানের মাধ্যমে বিপুল অঙ্কের ঋণ গ্রহণের অভিযোগ রয়েছে। বিভিন্ন অনুসন্ধানী প্রতিবেদনে ব্যাংকটি থেকে প্রায় এক লাখ কোটি টাকা বা তারও বেশি অর্থ বের করে নেয়ার তথ্য উঠে এসেছে। অন্য দিকে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের তদন্তের বরাতে প্রকাশিত প্রতিবেদনে ২০১৬-১৭ সালে ২২ জন প্রক্সি শেয়ারহোল্ডার এবং সন্দেহভাজন কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের শেয়ার অধিগ্রহণের তথ্য উঠে এসেছে। এসব তথ্যের আলোকে অভিযোগ রয়েছে, ব্যাংক থেকে নেয়া অর্থের একটি অংশ ব্যাংকটির শেয়ার কেনা ও মালিকানা প্রতিষ্ঠার কাজে ব্যবহার করা হয়েছিল। অর্থাৎ ব্যাংকের আমানতকারীদের অর্থ ঋণ হিসেবে নিয়ে সেই অর্থ দিয়েই ব্যাংকের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার অভিযোগ তৈরি হয়েছে। এ অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত প্রয়োজন। কোন প্রতিষ্ঠান কত টাকা ঋণ নিয়েছে, কোন ঋণ প্রকৃত ব্যবসায় বিনিয়োগ হয়েছে, কোন অর্থ অন্য প্রতিষ্ঠানে স্থানান্তরিত হয়েছে এবং কোন অর্থ দিয়ে শেয়ার কেনা হয়েছে- এসব বিষয় পৃথকভাবে নির্ধারণ করতে হবে।
মূলধন ঘাটতির ভয়াবহ চিত্র
ব্যাংকটির আর্থিক অবস্থার অবনতির চিত্র উঠে এসেছে চলতি বছরের ৯ মাসের আর্থিক হিসাবে। জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে কর-পরবর্তী নিট লোকসান হয়েছে তিন হাজার ৩০৩ কোটি টাকা। এর মধ্যে জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকেই লোকসান হয়েছে এক হাজার ৯৭৬ কোটি টাকা। সেপ্টেম্বর শেষে ব্যাংকের মোট ঋণ ছিল এক লাখ ৮১ হাজার ৮৬০ কোটি টাকা। এর মধ্যে এক লাখ ৬০০ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। অর্থাৎ ব্যাংকটির মোট ঋণের অর্ধেকেরও বেশি আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। একই সময়ে প্রভিশন ঘাটতি দাঁড়িয়েছে ৮৫ হাজার ৮৮৬ কোটি টাকা। এ ধরনের পরিস্থিতিতে শুধু নতুন মূলধন যোগ করলেই ব্যাংকের সমস্যার সমাধান হবে না। এস আলমের মাধ্যমে লুট হওয়া অর্থ আদায়, অনিয়মের তদন্ত, সম্পদ উদ্ধার এবং ঋণ ব্যবস্থাপনায় কঠোর সংস্কার প্রয়োজন।
রাষ্ট্রীয় মালিকানায় গেলে কী হবে?
সরকারি বিনিয়োগের প্রস্তাব বাস্তবায়ন হলে ইসলামী ব্যাংকের মালিকানা কাঠামোতে বড় পরিবর্তন আসবে। দেশের বৃহত্তম বেসরকারি ব্যাংকটি কার্যত রাষ্ট্রীয় মালিকানায় চলে যেতে পারে। ব্যাংকটির সঙ্কট মোকাবেলায় সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে; কিন্তু রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠা করলেই আর্থিক অনিয়ম, খেলাপি ঋণ ও দুর্বল ব্যবস্থাপনার সমস্যার সমাধান হবে না। অতীতে রাষ্ট্রীয় ব্যাংকগুলোতে রাজনৈতিক প্রভাব, ঋণ অনিয়ম ও খেলাপি ঋণের যে অভিজ্ঞতা রয়েছে, তা বিবেচনায় নিয়ে ইসলামী ব্যাংকের ভবিষ্যৎ মালিকানা নির্ধারণ করতে হবে। ব্যাংকটির পরিচালনা পর্ষদ, ঋণ অনুমোদন, ব্যবস্থাপনা ও নিয়োগে পেশাদারিত্ব নিশ্চিত করা না গেলে নতুন করে সরকারি অর্থ বিনিয়োগ করেও প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হবে। এ ছাড়া সরকারি বিনিয়োগের মূল্যায়ন কিভাবে হবে, নতুন শেয়ারের দাম নির্ধারণের ভিত্তি কী, রাষ্ট্রের অর্থ কোন খাতে ব্যয় হবে এবং ভবিষ্যতে এসব শেয়ার বিক্রির পরিকল্পনা কী- এসব বিষয় জনসমক্ষে প্রকাশ করা প্রয়োজন।
আগে অর্থ উদ্ধার, পরে সরকারি বিনিয়োগ
অর্থনৈতিক বিশ্লেষকরা জানিয়েছৈন, ইসলামী ব্যাংকের সঙ্কট নিরসনে সরকারের সামনে দু’টি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে। এক দিকে ব্যাংকের মূলধন ও আমানতকারীদের স্বার্থ রক্ষা করতে হবে, অন্য দিকে যাদের বিরুদ্ধে অর্থ বের করে নেয়ার অভিযোগ রয়েছে, তাদের কাছ থেকে অর্থ ও সম্পদ উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ ব্যাংক, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং আদালতের মধ্যে সমন্বয় ছাড়া এ সঙ্কটের টেকসই সমাধান সম্ভব নয়। বিশেষ করে জব্দ শেয়ারের মালিকানা ও অর্থের উৎস যাচাই, শেয়ার বিক্রির আইনি সম্ভাবনা পরীক্ষা, সম্পদের মূল্যায়ন এবং ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে দ্রুত অগ্রগতি প্রয়োজন।
সরকারের কাছে ছয় হাজার কোটি টাকা বিনিয়োগের প্রস্তাব বিবেচনার আগে ব্যাংকটির প্রকৃত মূলধন ঘাটতি, সম্পদের গুণগত মান, খেলাপি ঋণ এবং অর্থ উদ্ধারের সম্ভাবনা নিয়ে পূর্ণাঙ্গ মূল্যায়ন হওয়া উচিত। ইসলামী ব্যাংককে বাঁচাতে সরকারি সহায়তা প্রয়োজন হতে পারে; কিন্তু সেই সহায়তা যেন ঋণ অনিয়মের দায় জনগণের কাঁধে চাপিয়ে দেয়ার মাধ্যম না হয়। ব্যাংকের অর্থ যারা নিয়েছে, তাদের কাছ থেকে অর্থ উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা নিশ্চিত না করে জনগণের করের টাকা দিয়ে মালিকানা পরিবর্তন করা হলে তা হবে একধরনের নৈতিক ও আর্থিক ঝুঁঁকি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








