
নোয়াখালী অফিস
নোয়াখালীর চাটখিলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার হাটপুকুরিয়া ঘাটলাবাগ ইউনিয়নের বক্তারপুর গ্রামের মুন্সি মিয়া চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গত কাল শনিবার সকালে নিহতের ছেলে বাদি হয়ে চাটখিল থানায় একটি মামলা দায়ের করে। পুলিশ দু’জনকে গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে পার্শ্ববর্তী ইয়াসিন বাড়ির পাশে কয়েকজন শিশু ফুটবল খেলছিল। এ সময় ফয়সালের মা রওশন আরা নিহত মীর হোসেনের নাতি মাঠের মাঝখান দিয়ে যাওয়ার সময় তার গায়ে বল লাগে। এতে ক্ষুব্ধ হয়ে তিনি শিশুদের বল নিয়ে বাড়িতে চলে যান। পরে হাবীব বল আনতে গেলে তিনি বল ফেরত দেননি। একপর্যায়ে হাবীব বলের পরিবর্তে তাদের একটি পানির বালতি নিয়ে চলে যায়। এ নিয়ে হাবীবের মা ছেলেকে বকাঝকা করে বালতি ফেরত দিয়ে বল আনতে গেলে রওশন আরার সাথে তার কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে ফয়সাল সাত/আটজনকে সাথে নিয়ে হাবীবদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালান। এ সময় নাতি ও পরিবারের অন্য সদস্যদের রক্ষা করতে এগিয়ে গেলে ফয়সাল বৃদ্ধ মীর হোসেনকে (৭০) মারধর করে মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আবদুল মোন্নাফ বলেন, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশ উদ্বার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের ছেলের দায়ের করা হত্যা মামলায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








