
ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ
সিলেটের সীমান্ত এলাকা দিয়ে দেশে অবাধে প্রবেশ করছে উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক। গত এক সপ্তাহে ২৪৫টি বিস্ফোরক জব্দ করেছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
এ ছাড়া অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৫৭ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। সীমান্তে অবৈধভাবে ১২০ জনের পুশ ইন ঠেকিয়েছে বিজিবি।
বিজিবির সিলেট সেক্টর সূত্র জানিয়েছে, ডিসেম্বরকে সামনে রেখে দেশের পরিস্থিতি ঘোলাটে করতেই নিষিদ্ধ আওয়ামী লীগের পলাতক গডফাদারদের আশ্রয় প্রশ্রয়ে সীমান্ত পেরিয়ে এসব বিস্ফোরক ও অস্ত্র দেশে আসছে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে সীমান্ত পেরিয়ে দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে যাচ্ছে এসব বিস্ফোরক। তবে সম্প্রতি বেশ কিছু বিস্ফোরক জব্দ করেছে বিজিবি।
১৯ বিজিবি জানায়, বিজিবি সদর দফতরের নির্দেশনা অনুযায়ী আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, পারাপার এবং অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক দ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে সিলেট সেক্টর সীমান্তজুড়ে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি জোরদার করেছে। এরই অংশ হিসেবে গতকাল ভোরে ১৯ বিজিবি (জকিগঞ্জ ব্যাটালিয়ন) কানাইঘাটের নুনছড়া চাবাগান এলাকায় একটি চৌকস দলের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে।
এ সময় ৪৮টি হাই পাওয়ার জেল উদ্ধার করা হয়, যা উচ্চ ক্ষমতাসম্পন্ন মানের বিস্ফোরক। এ ছাড়াও ১০০টি নন-ইলেকট্রিক ডেটোনেটর ও ১১টি নন-ইলেকট্রিক ফিউজ উদ্ধার করা হয়েছে, যা বিস্ফোরককে সক্রিয় করার কাজে ব্যবহৃত হয়।
তবে বিস্ফোরক চোরাচালানে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এই ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
এ ছাড়া বিজিবির সিলেট সেক্টর সম্প্রতি অবৈধ আগ্নেয়াস্ত্র ১০টি, গোলাবারুদ ৪৮ রাউন্ড, বিস্ফোরক পাওয়ারজেল ১৮ কেজি, ডেটোনেটর ১৭০টি ও ফিউজ ১১টি জব্দ করেছে।
অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকায় ৫৭ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রচেষ্টার ঘটনায় ১২০ জনকে প্রতিহত করা হয়েছে।
বিজিবি জানায়, ঝুঁকিপূর্ণ সীমান্ত এলাকায় সার্চলাইট, নাইট ভিশন সুবিধা ও সোলারচালিত সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ড্রোনের মাধ্যমেও সীমান্ত নজরদারি কার্যক্রম চলমান রয়েছে।
সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনগুলোতেও বিজিবির গোয়েন্দা তথ্যভিত্তিক বিশেষ অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








