
নাজমুস সাকিব ইবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যাগিং ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৩০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে পাঁচজনকে আজীবন বহিষ্কার, দুইজনকে দুই বছর ও ১৯ জনকে এক বছরের জন্য বহিষ্কার করা হচ্ছে। বাকি চারজনকে সতর্ক করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো: আতিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক দু’টি পৃথক ঘটনায় শাস্তির আওতায় পড়েছেন লোকপ্রশাসন বিভাগের ১৩ জন এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৭ জন শিক্ষার্থী।
এর মধ্যে, লোকপ্রশাসন বিভাগের পাঁচ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে। তারা হলেন আল-নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, আব্দুল কাইয়ুম, তারিফ জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকত। এক বছরের জন্য বহিষ্কার হয়েছেন মোজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভ। এ ছাড়া তানবীন ইসলাম, জাহিদুল ইসলাম, আহসানুল হাবিব ও আব্দুল হালিমকে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সানি নেহালী ও সানাউল করিমকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। এক বছরের জন্য বহিষ্কৃতরা হলেন শেখ মেহেদী হাসান, আরিফ হোসেন, সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত সারা, সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার যোবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাসবুজ্জামান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান পূর্বা, মেহেদী হাসান ও মাহাথির জিসান।
এর আগে, ট্যুরিজম বিভাগে নবীন শিক্ষার্থীদের ‘ম্যানার শেখানো’ ও ‘ফরমাল পরিচয়পর্বের’ নামে র্যাগিংয়ের অভিযোগ ওঠে। নবীনদের ঘণ্টার পর ঘণ্টা কক্ষে আটকে রাখা, গভীর রাতে ক্যাম্পাসে বসিয়ে রাখা, ল্যাম্পপোস্ট গুনতে পাঠানো, জোর করে নাচানো, ময়লা পানি মুখে নিয়ে দাঁড়িয়ে রাখা এবং নির্মাণাধীন ভবনের ছাদে উঠে ছবি তুলতে বাধ্য করার অভিযোগ করেন ভুক্তভোগীরা। এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়ার অভিযোগও ওঠে। এসব ঘটনায় বিভাগের প্রায় ১৬ শিক্ষার্থী লিখিত অভিযোগ দেন।
অন্যদিকে, লোকপ্রশাসন বিভাগে র্যাগিং ও ‘ম্যানার শেখানোর’ নামে নবীনদের ওপর চাপ প্রয়োগের প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে বয়কটের অভিযোগ ওঠে।
ভুক্তভোগী শিক্ষার্থী তারিফ জামান রাজের অভিযোগ, বয়কট তুলে নিতে তার কাছে ২৫ হাজার টাকা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের বাইরে নির্জন স্থানে আটকে তাকে মারধর করা হয়। এ ঘটনায় তিনি প্রক্টর ও বিভাগীয় সভাপতির কাছে লিখিত অভিযোগ দেন।
দুই বিভাগের এসব অভিযোগ তদন্তের পর সংশ্লিষ্ট শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








