
- অ্যাবের নিরঙ্কুশ জয় : কেন্দ্রীয় নেতৃত্বে মনজুর মোর্শেদ
- বিএনপিপন্থীদের বড় সাফল্য চট্টগ্রামে জামায়াতপন্থীদের চ্যালেঞ্জ
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) ২০২৭-২৮ মেয়াদের নির্বাচন ঘিরে ব্যাপক কারচুপি, অনিয়ম, পক্ষপাতিত্ব ও প্রার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ‘ওয়ান আইইবি’ প্যানেলের প্রার্থীরা ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন। এ দিকে প্রাপ্ত ফলাফলে বিএনপিপন্থী প্রকৌশলীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব) সমর্থিত প্যানেল বড় ধরনের সাফল্য পেয়েছে। প্রকাশিত প্রাথমিক ও কেন্দ্রভিত্তিক ফলাফলে কেন্দ্রীয় নেতৃত্বসহ দেশের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে সংগঠনটির প্রার্থীদের এগিয়ে থাকার তথ্য পাওয়া গেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত নির্বাচনী ফলাফল অনুযায়ী, প্রকৌশলী খান মনজুর মোর্শেদ আইইবির কেন্দ্রীয় প্রেসিডেন্ট এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম সম্মানী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। তবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সমন্বিত চূড়ান্ত ফলাফল প্রকাশের আগে একে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত বলা যাচ্ছে না।
গত ১২ নভেম্বর সারা দেশে আইইবির ১৮টি কেন্দ্র ও ৩৫টি উপকেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৩৪ হাজার ১৩১ জন প্রকৌশলী ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান। কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১০টি পদের বিপরীতে ২৯টি মনোনয়ন চূড়ান্ত হয়েছিল।
‘ওয়ান আইইবি’ প্যানেলের প্রার্থীরা ভোটের ফল প্রত্যাখ্যান করে অভিযোগ করেন, একটি প্যানেলের পক্ষে পরিকল্পিতভাবে নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা হয়েছে। এ ঘটনায় অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (অ্যাব) আহ্বায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নামও এসেছে ।
ভবনের একটি রুমে দরজা বন্ধ করে একটি প্যানেলের পক্ষে বিপুলসংখ্যক ব্যালট পেপারে ভোট দেয়ার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শী প্রকৌশলীরা। তাদের দাবি, ষষ্ঠ তলার ওই রুমে প্রায় চার হাজার ব্যালট পাওয়া গেছে। এসব ব্যালটে হলুদ প্যানেলের প্রার্থীদের পক্ষে ভোট দেয়া ছিল বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় নির্বাচনকেন্দ্রে উত্তেজনা, ধাক্কাধাক্কি ও স্লোগান দেয়ার ঘটনাও ঘটে। হয়েছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি। অভিযোগকারীদের দাবি, বিষয়টি জানাজানি হওয়ার পর কয়েকজন প্রকৌশলী ও নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তি ওই রুমে প্রবেশ করতে চাইলে তারা বাধার মুখে পড়েন। পরে রুমটি খুলে দেয়া হলে সেখানে বিপুলসংখ্যক পূরণ করা ব্যালট দেখা যায় বলে ওয়ান আইইবির প্রার্থীরা অভিযোগ করেন। নির্বাচনে কারচুপির পক্ষে যুক্তি হিসেবে বলা হয়, কাউন্সিলর প্রাথীরা সর্বোচ্চ তিন হাজার ভোট পেয়েছেন। যারা কাউন্সিলরদের ভোট দেবেন তারা কেন্দ্রীয় প্রার্থীদের ভোট দেন। কেন্দ্রীয় প্রার্থীদের তিন হাজার ভোট বা এর আশপাশে থাকার কথা। কিন্তু দেখা গেছে, যে কেন্দ্রীয় প্রেসিডেন্ট পদে বিজয়ী হয়েছেন বলে দাবি করেছেন তিনি পাঁচ হাজার ৩০০ ভোট পেয়েছেন- এটা হতে পারে না।
১৩ নভেম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে নির্বাচনে অনিয়মের বিস্তারিত তুলে ধরে ওয়ান আইইবি প্যানেল। তাদের অভিযোগ, নির্বাচনের আগের দিন প্রার্থীদের সাথে আলোচনা ছাড়াই ভোটকেন্দ্রে পোলিং এজেন্ট রাখার সুযোগ বাতিল করা হয়। অথচ নির্বাচনী তফসিলে এজেন্ট নিয়োগের সুযোগ ছিল। নির্বাচনের আগের রাতে সরকারি চাকরিজীবী প্রকৌশলীদের কাছে একটি নির্দিষ্ট প্যানেলের পক্ষে ভোট দেয়ার বার্তা পাঠানো এবং ভোট দেয়ার পর ব্যালটের ছবি তুলে প্রমাণ হিসেবে পাঠানোর নির্দেশনাও দেয়া হয়েছিল বলে অভিযোগ করেন তারা। সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, ভোটারদের স্লিপ ও ব্যালট মিলিয়ে দেখার সুযোগ দেয়া হয়নি। বিশেষ করে টেক্সটাইল ডিভিশনে প্রধান নির্বাচন কমিশনারের অনুমোদন বা নির্ধারিত কার্ড ছাড়াই ব্যালট ইস্যু করা হয়েছে বলে ওয়ান আইইবির পক্ষের প্রার্থীরা অভিযোগ করেছেন। একই টোকেন একাধিকবার ব্যবহার এবং অন্যের পরিচয়পত্র দিয়ে ভোট দেয়ার চেষ্টার অভিযোগও করেছেন তারা।
নির্বাচনের দিন হেডকোয়ার্টার ও ইয়াং ইঞ্জিনিয়ার্স চ্যাপ্টারের অনেক ভোটার প্রয়োজনীয় ব্যালট পাননি বলেও অভিযোগ রয়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে ভোট না দিয়ে ফিরে যান। অথচ অন্যদিকে একটি কক্ষে বিপুলসংখ্যক পূরণ করা ব্যালট পাওয়ার অভিযোগ নির্বাচনী ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। সংবাদ সম্মেলনে ভোট গণনার আগে ও পরে অ্যাবের আহ্বায়ক শাহরিন ইসলাম তুহিন এবং সদস্যসচিব শোয়েব বাশরীর নেতৃত্বে প্রভাব বিস্তার করে হলুদ প্যানেলের পক্ষে ফলাফল নেয়ার আয়োজন করা হয়েছে বলেও অভিযোগ তোলা হয়।
ভোটগ্রহণের নির্ধারিত সময় ছিল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। পরে ভোটের সময় এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৬টা করা হয়। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, ভোটারদের দীর্ঘ লাইন থাকায় সবাইকে ভোট দেয়ার সুযোগ করে দিতে সময় বাড়ানো হয়েছে। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রশ্ন, কোন বিধানের ভিত্তিতে এবং কী প্রক্রিয়ায় এই সময় বাড়ানো হয়েছে? এ ছাড়া ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক) পদে প্রার্থিতা প্রত্যাহার নিয়েও অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রকৌশলীদের দাবি, এ পদে প্রথমে ২৭ জন প্রার্থী থাকলেও পরে চাপ প্রয়োগের মাধ্যমে ২৬ জনকে প্রার্থিতা প্রত্যাহারে বাধ্য করা হয়। এর ফলে একজন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বলে অভিযোগ করেছেন ওয়ান আইইবির প্রার্থীরা।
অন্যদিকে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান প্রকৌশলী মো: সেলিম ভূঁইয়া ভোট কারচুপির অভিযোগ অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমকে বলেছেন, সব প্রার্থীর এজেন্ট ছিল এবং জাল ভোট দেয়ার কোনো সুযোগই ছিল না। ভবনের একটি কক্ষে ব্যালট পেপার পূরণ করার বিষয়ে তিনি বলেন, এ ধরনের কোনো অভিযোগ তিনি পাননি। ভোটগ্রহণের সময় বাড়ানোর বিষয়ে তার বক্তব্য- বাইরে দীর্ঘ লাইন থাকায় ভোটারদের সুযোগ দিতে এক ঘণ্টা সময় বাড়ানো হয়েছিল।
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যানের পাশাপাশি নিরপেক্ষ তদন্ত ও পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে ওয়ান আইইবি প্যানেল। নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা না নিলে আদালতের আশ্রয় নেয়ার কথাও জানিয়েছেন প্যানেলের নেতারা। উদ্ধার করা ব্যালটগুলোর উৎস, ভোটার তালিকা ও ব্যালট বিতরণের হিসাব, ভোটকেন্দ্রের সিসিটিভি ফুটেজ, ভোট গণনার নথি এবং নির্বাচনী বিধিমালা যাচাই করা হলে অভিযোগগুলোর সত্যতা নির্ণয় করা সম্ভব বলে প্রকৌশলীরা জানান।
কেন্দ্র ও বিভাগভিত্তিক ফলাফল
১. কেন্দ্রীয় নেতৃত্ব : অ্যাবের নিজস্ব প্যানেল নিয়ে অংশগ্রহণ এবং এই বিজয়কে সংগঠনটি তাদের নির্বাচনী ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বর্ণনা করেছে। প্রেসিডেন্ট পদে প্রকৌশলী খান মনজুর মোর্শেদ ও সম্মানী সাধারণ সম্পাদক পদে প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম বিজয়ী।
২. ঢাকা কেন্দ্র : ঢাকা কেন্দ্রের শীর্ষ পদগুলোতে অ্যাব সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। আইইবির সাংগঠনিক রাজনীতিতে এই পরিবর্তনকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে। চেয়ারম্যান পদে অধ্যাপক ড. প্রকৌশলী মনিরুল ইসলাম ও সম্মানী সম্পাদক পদে প্রকৌশলী কে এম আসাদুজ্জামান বিজয়ী।
৩. চট্টগ্রাম কেন্দ্র : চট্টগ্রাম কেন্দ্রে বিএনপিপন্থী অ্যাব সমর্থিত প্যানেল নিরঙ্কুশ সাফল্য অর্জন করেছে। চেয়ারম্যান পদে মো: নুরুল করিম ৯৯৭ ভোট , ভাইস চেয়ারম্যান (অ্যাকাডেমিক ও এইচআরডি) পদে কামাল উদ্দিন আহমেদ এক ২০৩ ভোট, ভাইস চেয়ারম্যান (প্রশাসন) পদে সাখাওয়াত হোসেন ৯৫১ ভোট, সম্মানী সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ আলম ৮৫৫ ভোট পেয়ে বিজয়ী। চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্যানেলের প্রার্থী মানজারে খোরশেদ আলম পেয়েছেন ৭৯৬ ভোট। অর্থাৎ বিজয়ী প্রার্থী নুরুল করিম ২০১ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এ ছাড়া চট্টগ্রাম কেন্দ্রের কাউন্সিল সদস্য নির্বাচনে অ্যাব সমর্থিত ২৪ জন, জামায়াত সমর্থিত পাঁচজন এবং একজন স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। অন্যদিকে, জামায়াত সমর্থিত প্রকৌশলী এস এম লোকমান কবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হয়েছেন।
৪. রাজশাহী কেন্দ্র : রাজশাহী কেন্দ্রে অ্যাব সমর্থিত প্যানেল থেকে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) পাঁচজন শিক্ষক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কাউন্সিল সদস্য : অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক (উপাচার্য, রুয়েট) এবং অধ্যাপক ড. মো: রবিউল ইসলাম সরকার (ছাত্রকল্যাণ পরিচালক, রুয়েট)। রাজশাহী কেন্দ্রের কাউন্সিল সদস্য: অধ্যাপক ড. এইচ এম রাসেল, অধ্যাপক ড. মো. নিয়ামুল বারী এবং অধ্যাপক ড. সামিউল হাবিব। উল্লেখ্য, রাজশাহী কেন্দ্রে মোট ৬৯৮ জন ভোটারের মধ্যে ৪০৪ জন ভোট দিয়েছেন (ভোট প্রদানের হার ৫৭.৮৮ শতাংশ), যার মধ্যে বৈধ ভোট ছিল ৩৮৮টি।
নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য : পেশাজীবী রাজনীতিতে নতুন সমীকরণ
আইইবির নির্বাচন কেবল একটি পেশাজীবী সংগঠনের নেতৃত্ব নির্বাচনের ঘটনা নয়; বাংলাদেশের প্রকৌশলী সমাজের সাংগঠনিক শক্তি, পেশাগত প্রতিনিধিত্ব এবং রাজনৈতিক প্রভাবের প্রশ্নেও এর বিশেষ তাৎপর্য রয়েছে।
বিএনপিপন্থী প্রকৌশলীদের সাংগঠনিক পুনরুত্থান : কেন্দ্রীয় নেতৃত্বসহ ঢাকা ও চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে অ্যাব সমর্থিত প্যানেলের বিজয় বিএনপিপন্থী প্রকৌশলীদের শক্তিশালী সাংগঠনিক অবস্থানের ইঙ্গিত দেয়।
জামায়াতপন্থী প্রকৌশলীদের অবস্থান যাচাই : চট্টগ্রামে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা গড়ে তোলা এবং স্থানীয় কাউন্সিল সদস্য নির্বাচনে পাঁচটি আসন ও কেন্দ্রীয় কাউন্সিলে একটি পদ পাওয়া জামায়াত সমর্থিত প্রকৌশলী ফোরামের জন্য গুরুত্বপূর্ণ বার্তা। তবে সারা দেশের পূর্ণাঙ্গ ফলাফল বিশ্লেষণের আগে তাদের সামগ্রিক অবস্থান নির্ধারণ করা সম্ভব নয়।
পেশাজীবী সংগঠনে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা : দেশের অবকাঠামো, বিদ্যুৎ, জ্বালানি, শিল্পায়ন ও নগরায়ণের নীতিনির্ধারণে আইইবি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে এর নেতৃত্ব প্রকৌশলীদের দাবি-দাওয়া আদায়ে সরাসরি প্রভাব ফেলবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








