কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে মহাসম্মেলন

পটুয়াখালী প্রতিনিধি
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে পটুয়াখালীতে প্রথমবারের মতো খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ৯টা থেকে জেলা মডেল মসজিদসংলগ্ন মাঠে খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের পটুয়াখালী শাখার উদ্যোগে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
‘নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই’- এই স্লোগানে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির সভাপতি ও জামিয়া আশরাফিয়া মাদানিয়ার প্রতিষ্ঠাতা পরিচালক শায়খুল হাদিস মাওলানা আব্দুল হক কাওসারী। প্রধান অতিথি ছিলেন সংগঠনটির আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও পটুয়াখালী বড় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ আবু সাঈদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির সিনিয়র নায়েবে আমির ও নারায়ণগঞ্জের ডিআইটি পীর সাহেব আল্লামা আব্দুল আউয়াল। এ ছাড়া নেছারাবাদের পীর সাহেব মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান নেছারাবাদী, আল্লামা নাজমুল হাসান কাসেমী, মাওলানা মুফতি সৈয়দ এছহাক মো: আবুল খায়ের ও আল্লামা ড. সৈয়দ মুহাম্মদ শরাফত আলীসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেম-ওলামা বক্তব্য দেন।

Advertisement